২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্যাট: অর্থমন্ত্রীকে দুষছে ওয়ার্কার্স পার্টি

ভ্যাট নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলন ও নানামুখী বিভ্রান্তির জন্য অর্থমন্ত্রীকে দায়ী করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের শরিক ওয়ার্কার্স পার্টি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2015, 12:52 AM

Updated : 22 Aug 2022, 01:13 PM

রোববার এক বিবৃতিতে দলটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, “অর্থমন্ত্রীর প্রলাপবাক্য দেশের অর্থনৈতিক ক্ষেত্রেও বিভিন্ন সময়ে সংকট সৃষ্টি করেছে। ভ্যাট আরোপ নিয়েও তিনি একেক দিন একেক ধরনের কথা বলে চলমান সংকটকে আরও উস্কে দিয়েছেন।”

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সরকারে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

‘অর্থমন্ত্রীর মৌলিক চিন্তাতেই বিভ্রান্তি আছে’ মন্তব্য করে বাদশা বলেন, শিক্ষাব্যবস্থাকে যারা বাণিজ্যিকীকরণ করতে চায়, তারাই ছাত্রদের উপর ভ্যাট আরোপের চিন্তা করেন।

উচ্চ শিক্ষায় ভ্যাট নিয়ে সঙ্কটের অবসানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেছে ওয়ার্কার্স পার্টি।

ভ্যাট নিয়ে শিক্ষামন্ত্রীর কোনো বক্তব্য না থাকায় তারও সমালোচনা করেছে সরকারের শরিক দলটি।