লুটপাট ঢাকতে শিক্ষার্থীদের উপর ভ্যাট: আমীর খসরু
বিভিন্ন খাতে লুটপাটের অভিযোগ এনে তার ক্ষতিপূরণে সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর ভ্যাট আরোপ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার চট্টগ্রাম নগরীতে এক সভায় বক্তব্যে তিনি বলেন, “আজকে দেশে দুর্নীতি এমন পর্যায়ে গেছে যেখানে ব্যাংক লুটপাট করা হচ্ছে, শেয়ার বাজার লুটপাট করা হচ্ছে; এমনকি বিদ্যুতের নামে সরকারি তহবিলও লুটপাট করা হচ্ছে।
“সেই লুটপাটকে পূরণ করার জন্য সরকার জনগণের ওপর চেপে বসেছে। লুটপাটের ক্ষতিপূরণ করতে শিক্ষার্থীদের ওপর তারা ভ্যাট আরোপ করছে।”
বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের টিউশন ফির ওপর সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট আরোপের প্রতিবাদে কয়েক মাস ধরেই আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা।
এনিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে সরকারের পক্ষ থেকে জানানো হয়, এই ভ্যাট আলাদা করে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হবে না বরং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা পরিশোধ করবে।
সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু বলেন, “আন্দোলনের মুখে তারা বলছে এই ভ্যাট নাকি বিশ্ববিদ্যালয়কে দিতে হবে। আমার কাছে অবাক লাগছে এটা কি তাদের অজ্ঞতা, না কি তাদের অসততা। আমার মনে হয় না তাদের এ অজ্ঞতা আছে।
“যে সেবা গ্রহণ করে, সেই ভ্যাট প্রদান করে। যে সেবা দেয়, সে কখনও ভ্যাট প্রদান করে না। নিশ্চয় এ জ্ঞানটুকু অর্থমন্ত্রীর থাকার কথা। যদি সেটা না থাকে এটা অত্যন্ত দুঃখজনক।”
“আর যদি এটা সততার বাইরে কিছু করে থাকেন, সেটাও দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না,” বলেন তিনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে নগর বিএনপি ওই সভার আয়োজন করে।
দেশে গণতন্ত্র ও সংবিধানের কোনো মূলনীতিই মানা হচ্ছে না দাবি করে সভায় বিএনপি নেতা খসরু বলেন, “এই সরকার রক্ষকের নামে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ”
নগর বিএনপির সহ-সভাপতি সামশুল আলমের সভাপতিত্বে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ও বিএনপি নেতা আবু সুফিয়ান বক্তব্য রাখেন।
