কিছুদিন পর কাঁচি নিয়ে রাস্তায় নামবেন অর্থমন্ত্রী: গয়েশ্বর
অর্থমন্ত্রী বিপুল অঙ্কের যে বাজেট দিয়েছেন তা বাস্তবায়নে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষায় ভ্যাট আরোপ করা হয়েছে মন্তব্য করে এর কঠোর সমালোচনা করেছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “এতো বড় বাজেটের অর্থ আসবে কোত্থেকে? এখন জনগণের পকেট মারা ও ছিনতাই করা ছাড়া তো সরকারের আর কোনো কাজ নেই। টাকা তো তুলতে হবে। ছাত্রই কি আর শিশুই কি?
“বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্রকে পড়াতে মা-বাবার কত টাকা খরচ করতে হয়, মাসে কত টাকা বেতন দিতে হয়। শেষ পর্যন্ত অর্থমন্ত্রীর চোখটা পড়ছে ওইদিকে। কিছুদিন পর অর্থমন্ত্রীকে কাঁচি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে জনগণের পকেট কাটতে হবে।”
চলতি অর্থবছরের বাজেটের আকার প্রায় তিন লাখ কোটি টাকা, যা আগের অর্থবছরের তুলনায় ২০ শতাংশ বেশি।
বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের টিউশন ফি’র ওপর সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট আরোপের প্রতিবাদে গত কয়েক মাস ধরেই আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা।
বুধবার রামপুরায় ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচির মধ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষ হলে এর প্রতিবাদে এবং ভ্যাট প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে রাস্তায় নামে আন্দোলনকারীরা। এতে যানজটে পুরো রাজধানী কার্যত অচল হয়ে যায়।
এরপর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিবৃতিতে জানায়, টিউশন ফি’র ওপর এই ভ্যাট আলাদা করে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হবে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারকে এই ভ্যাট পরিশোধ করবে।
‘বিদ্যমান টিউশন ফি’র মধ্যে ভ্যাট ‘অন্তর্ভুক্ত থাকায়’ টিউশন ফি বাড়ার কোনো ‘সুযোগ নেই’ বলেও এতে উল্লেখ করা হয়।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর বলেন, “বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা ফেইসবুক ও ইন্টারনেট নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকত, কখনো রাজপথে আসত না, ভ্যাট বসিয়ে সরকার তাদের রাস্তায় নামতে বাধ্য করেছে।’’
এসএসসি ও এইচএসসিতে বিপুল সংখ্যক শিক্ষার্থীর ‘ভালো’ ফলের কারণে উচ্চ শিক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন গয়েশ্বর।
তিনি বলেন, “এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ছাত্রছাত্রীদের অবাধে গোন্ডেল ফাইভ ও জিপিএ ফাইভ দেওয়া হচ্ছে। গোল্ডেন ফাইভ পাওয়ার পরেও তারা কোথাও ভর্তি হতে পারে না। তাই বলি কি, গোল্ডেন ফাইভ দিয়ে তারা আচার খাইব?
“সরকারি প্রতিষ্ঠান কয়টা আছে? সেখানে ১০/২০ টাকা বেতনে পড়বে। পাবলিক বিশ্ববিদ্যালয়-কলেজগুলোতে শতকরা ২৫ ভাগ শিক্ষার্থীদের আসন দিতে পারছে না সরকার।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে এই বিএনপি নেতা বলেন, “উনি মাঝে মাঝে বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাহলে ভ্যাট দিয়ে শিক্ষাকে কি অগ্রসর হওয়ার জন্য উৎসাহিত করছেন, নাকি অনগ্রসর হওয়ার জন্য করছেন? আপনি গাড়িকে কি সামনের দিকে নিচ্ছেন, না ব্যাকগিয়ারে দিচ্ছেন?’’
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়ে গয়েশ্বর বলেন, “ওই ভ্যাট আরোপ না করে সরকারকে বলব, হাসানুল হক ইনু, কামরুল ইসলামের মুখের ওপর ভ্যাট আরোপ করেন। যত কথা তারা কয়, ভ্যাট ধরেন ভালো একটা রাজস্ব ইনকাম আপনারা (সরকার) পাবেন।”
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরামের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অষ্টম কারামুক্তি দিবস উপলক্ষে এই আলোচনা সভা হয়।
সভায় স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, খেলাফত আন্দোলনের মাওলানা শোয়েব আহমেদ, এনডিপির মঞ্জুর হোসেন ঈসা বক্তব্য রাখেন।
