২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকদের নিয়ে মুহিতের বক্তব্যের সমালোচনায় বিএনপি

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য ‘শিক্ষিত সমাজকে উপেক্ষা ও অপমানের’ শামিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2015, 02:04 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

বুধবার সকালে শেরে-বাংলা নগরে এক অনুষ্ঠানের পর বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর দাবির প্রতি বিএনপির সমর্থনের কথা সাংবাদিকদের বলেন তিনি।

হান্নান বলেন, “তাদের ন্যায়সঙ্গত দাবির বিষয়ে অর্থমন্ত্রী সাহেব অনেক কথা বলেছেন, যেগুলো জনসাধারণকে, বিশেষ করে শিক্ষিত সমাজকে উপেক্ষা করা এবং কোনো কোনো ক্ষেত্রে অপমান করার শামিল।”

স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি ও অষ্টম পে-স্কেলে মর্যাদা অবনমনের অভিযোগে গত কিছুদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন পাবলিক বিশ্ববিদ্যারয়ের শিক্ষকরা।

এই দাবিতে মঙ্গলবার সারা দেশে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কর্মবিরতি চলাকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “দেশের সবচেয়ে শিক্ষিত জনগোষ্ঠী জ্ঞানের অভাবে আন্দোলন করছে। এই কর্মবিরতির কোনো জাস্টিফিকেশন নেই। তারা জানেই না পে-স্কেলে তাদের জন্য কী আছে, কী নেই।”

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ‘ইচ্ছেমত’ পদোন্নতি দেওয়া হয় বলেও তিনি অভিযোগ করেন অর্থমন্ত্রী, যাকে তিনি আখ্যায়িত করেন ‘করাপট প্র্যাকটিস’ হিসেবে।

এর সমালোচনা করে বিএনপি নেতা হান্নান শাহ বলেন, “আমরা মনে করি, শিক্ষকদের বিরুদ্ধে আজে-বাজে কথা না বলে, তাদের দাবি সুবিবেচনায় এনে শিক্ষকদের জন্য একটি স্বতন্ত্র বেতন কাঠামো করা উচিত।”

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেলের দাবিতে সমর্থন জানিয়ে তিনি বলেন, “আমরা আশা করি, সরকারের বোধদয় হবে।

“তারা আর অশান্তি না বাড়িয়ে আমাদের শ্রদ্বেয় ও সম্মানিত শিক্ষকদের, যাদের আমরা মানুষ গড়ার কারিগর বলি, তাদের ন্যায্য আলাদা বেতন কাঠামোর দাবি মেনে নিয়ে চলমান আন্দোলনের সমাপ্তি ঘটাবেন।”

শেরে-বাংলা নগরে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদ্ধোধনের পর সাংবাদিকদের সঙ্গে এসব বিষয়ে কথা বলেন হান্নান।

এর আগে মহিলা দলের নেতা নূরী আরা সাফা, শিরিন সুলতানাসহ নেতা-কর্মীদের নিয়ে তিনি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান এবং মোনাজাতে অংশ নেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

শিক্ষকদের আন্দোলন জ্ঞানের অভাবে: মুহিত
অর্থমন্ত্রী আমলাদের প্রতিনিধি: শিক্ষক ফেডারেশন
অষ্টম পে-কমিশন: আন্দোলন চালিয়ে যাবেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা