অস্তিত্ব সংকট বলেই বিএনপির নরম সুর: কামরুল
অস্তিত্বের সংকটে ভুগছে বলেই বিএনপি ‘নরম সুরে’ কথা বলছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
মঙ্গলবার বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের এক অলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল বলেন, “বিএনপি আজকে অস্তিত্বের সংকটে ভুগছে, তাই নরম সুরে কথা বলছে। এখন তারা বলে, ‘আসুন আমরা ঐক্যের জন্য এক হই’। কিন্তু কোনো অবস্থাতেই তাদের ক্ষমা করা যায় না।”
‘আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না’ মন্তব্য করে তিনি বলেন, “কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে মামলা হলেই ওনারা বলে, প্রতিহিংসার রাজনীতি করা হচ্ছে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমরা প্রতিহিংসার রাজনীতি করি না।
“অপরাধী যে রাজনৈতিক আদর্শেরই হউক না কেন , বিচার করা হবে । কাউকে ছাড় দেওয়া হবে না।”
তিনি বলেন, “মুক্তিযোদ্ধের শক্তিকে ধ্বংস করার জন্য বিরোধীদের প্রধান টার্গেট শেখ হাসিনাকে হত্যা করা। ২১ অগাস্টে শেখ হাসিনাকে হত্যা করতে পারলে তারেক রহমান তার মায়ের মত ২১ অগাস্ট জন্মদিন পালন করত।”
২০০৪ সালের ২১ অগাস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। হাসিনা প্রাণে বেঁচে গেলেও দলের তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ অন্তত ২৪ জন নিহত হয়। আহত হয় শতাধিক।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট একদল সেনা সদস্যের হাতে খুন হন বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই দিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালনের সমালোচনা করে আসছেন আওয়াম লীগ নেতারা।
ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, ঢাকা ২০ আসনের সাংসদ এম এ মালেক, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি মোল্লা মো. আবু কাউসার বক্তব্য রাখেন।
