২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে আ. লীগ নেতাকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ

সিরাজগঞ্জ শহরে ওয়ার্ড পর্যায়ের এক আওয়ামী লীগ নেতাকে বালির ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2015, 12:00 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

নিহত আমজাদ হোসেনের (৫০) বাড়ি সদর উপজেলার কোবদাসপাড়ায়। তিনি ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন।

সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যার দিকে কোবদাসপাড়ায় বালুবাহী একটি ট্রাকের চাপায় আমজাদ গুরুতর আহত হন। রাত ৮টার দিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বলেন, সন্ধ্যার আগে স্থানীয় বালু ব্যবসায়ী লালনের ছেলে বিএনপিকর্মী বকুলের বালুবোঝাই একটি ট্রাক ওই এলাকার সরু মাটির রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করে। পথচারীদের অসুবিধার কথা ভেবে আমজাদ হোসেন তাতে বাধা দেন।

“এ নিয়ে বকুলের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চালককে ট্রাক থেকে নামিয়ে দিয়ে বকুল নিজেই ট্রাক নিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় আমজাদ হোসেন ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।”

এ ঘটনায় রাতে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বলে ওসি জানান।

সিরাজগঞ্জ জেলা যুবলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক ইমরান হোসেন বাবলুর অভিযোগ, আমজাদকে হত্যা করেছেন বকুল।

ঘটনার পর থেকেই বকুল পলাতক বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।