‘বেআইনি শাসন’ চলছে: নোমান
বাংলাদেশে এখন আইনের শাসন নেই বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
সোমবার এক আলোচনা সভায় তিনি বলেন, “দেশে এক অরাজক পরিস্থিতি বিরাজ করছে। আইনের শাসনে না থাকার ফলে আজ ক্ষমতাসীন দলের লুটেরা-চাঁদাবাজরা বেপরোয়া হয়ে পড়েছে। দেশ চলছে বেআইনি শাসনে, সংবিধান সম্মতভাবে নয়।”
এই অবস্থা থেকে উত্তরণে নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপির এই নেতা।
জাতীয় প্রেস ক্লাবে ‘বাক-স্বাধীনতা, নাগরিক নিরাপত্তা ও গণতন্ত্র বাঁচাতে পেশাজীবী-রাজনীতিবিদ-সমাজকর্মীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন নোমান।
আওয়ামী লীগের দেশ পরিচালনার সমালোচনা করে সাবেক এই মন্ত্রী বলেন, “আজ জনগণ ক্ষমতার উৎস নয়। ক্ষমতার উৎস হচ্ছে র্যাব। ক্ষমতা পরিচালনাকারী কর্তৃত্বের উৎস হচ্ছে পুলিশ এবং ব্যুরোক্রেসির একাংশসহ এসব মন্ত্রীরা।”
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে আওয়ামী লীগ নেতাদের সরব হওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “এতদিন তারা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড মেনেছে, এখন তারা মানছে না। কেন- এখন তাদের গায়ে পড়েছে।”
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সমালোচনা করতে গিয়ে তার দল জাসদের স্বাধীনতা পরবর্তী ভূমিকার কথা তুলে ধরেন এই রাজনীতিক।
১৫ অআস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সময় রক্ষী বাহিনীর ‘অঘোষিত প্রধান’ ও বর্তমান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নোমান।
