বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের না: আশরাফ
আগামীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির উদ্দেশ্যে আরও ‘সার্বজনীনভাবে’ শ্রদ্ধা নিবেদনের আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে পেশাজীবী সমন্বয় পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আশা প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ বলেন, “আসলে বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের না, উনি জাতির পিতা। আমরা যদি বঙ্গবন্ধুকে একটা কোটরির মধ্যে ঘিরে রাখি তাহলে এই বঙ্গবন্ধু জাতির পিতার সন্মান থাকে না।
“শুধু এক রাজনৈতিক দলের গণ্ডির ভেতরে বঙ্গবন্ধুকে রেখে আমরা তার প্রতি অবিচারই করছি। আগামীতে আরও সার্বজনীনভাবে বঙ্গবন্ধুর স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করতে পারব বলে আশা করি।”
বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করতে গিয়ে সত্তরের নির্বাচনের সময়ে জাতির জনককে কাছ থেকে দেখার অভিজ্ঞতা তুলে ধরেন সৈয়দ আশরাফ।
তিনি বলেন, “কিশোরগঞ্জের বাজিতপুর-ভৈরব অঞ্চলে ট্রেনে করে যাচ্ছিলাম। তখন বঙ্গবন্ধু শুরু করলেন রবীন্দ্রনাথের গান। এত সুন্দর গলা!
“আপনারা বঙ্গবন্ধুর গরম গরম বক্তব্য শুনছেন। হয়ত মনে করেন তার সাংস্কৃতিক শিষ্টাচার নাই। কিন্তু তিনি একদিকে ছিলেন কোমল শিশু, আরেকদিকে ছিলেন দৃঢ়চেতা ও ভীতিহীন।”
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ রাজনৈতিক সহকর্মী বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে আশরাফ বলেন, “আমার বাবার সঙ্গে বঙ্গবন্ধুর নেতা-কর্মীর সম্পর্ক ছিল, আবার বন্ধুত্বের সম্পর্কও ছিল।”
সত্তরের নির্বাচনের সময় একদিন বঙ্গবন্ধুর সঙ্গে তখনকার পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া খানের কথোপকথন তুলে ধরে সৈয়দ আশরাফ বলেন, “উনার (বঙ্গবন্ধু) কোনো ভয়-ভীতি ছিল না।”
১৫ অগাস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালন নিয়েও কথা বলেন সৈয়দ আশরাফ।
তিনি বলেন, “আমি বেগম খালেদা জিয়াকে অনুরোধ করেছি- ধরুন আপনার জন্ম ১৫ তারিখে, কিন্তু আপনি জাতির পিতার প্রতি সন্মান রেখে ১৬ তারিখে আপনার কেক কাটেন, ড্যান্স করেন, আমাদের কোনো আপত্তি নাই।
“আপনি কেক কেটে জাতিকে ঐক্যবদ্ধ না করে বিভক্ত করেছেন। এবার ১৫ অগাস্ট সকালে কেক কাটলেন না, রাতে কেক কাটলেন। এটা কিছুটা উন্নতি। আশা করি, ভবিষ্যতে উনি ফুললি কম্প্লায়েন্স হবেন। আগামীতে হয়তো উনি ১৫ তারিখে কেকই কাটবেন না।”
পরিষদের সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী এ এফ এম মেসবাহউদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান উপস্থিত ছিলেন।
