আন্দোলন ছাড়াই সরকার সঙ্কটে: বিএনপি
বিরোধী দলের কোনো আন্দোলন না থাকলেও আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার নিজ থেকেই সঙ্কটে পড়েছে বলে দাবি করেছে বিএনপি।
বিএনপির আন্দোলনের সামর্থ্য নিয়ে ক্ষমতাসীন দলের নেতাদের বক্তব্যের প্রেক্ষাপটে রোববার এক সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন এই দাবি করেন।
তিনি বলেন, “দেশে এখন বিরোধী দলের কোনো আন্দোলন ও কর্মসূচি নেই, তা সত্ত্বেও সরকার কিন্তু ভালো অবস্থায় নেই। ভেতরে ভেতরে তারা ক্ষয়িষ্ণু ও ভীষণ দুর্বল হয়ে পড়ছে ক্রমাগত।”
এই প্রমাণ হিসেবে তিনি বলেন, “শাসক দলের অন্তর্কোন্দলে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। ক্ষমতাসীন দলের এমপিদের হাতে প্রশাসনের লোকেরা লাঞ্ছিত হচ্ছেন। দুর্নীতি বল্গাহীনভাবে চলছে। দেশে একটা টোটাল ল‘লেস পরিস্থিতি বিরাজ করছে।”
এই পরিস্থিতি সরকারের জন্য ‘কোনোভাবে ভালো নয়’ বলে ক্ষমতাসীনদের সতর্ক করে দেন বিএনপি নেতা। তার মতে, এ থেকে উত্তরণের পথ নির্বাচন।
“আপনাদের ভেতরে যে সঙ্কট ঘনীভূত হচ্ছে, তা থেকে বেরিয়ে আসতে বিএনপি সহযোগিতা করতে চায়। সেটা কী? তাহচ্ছে অনতিবিলম্বে সব দলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন, যে নির্বাচনটি অবাধ হবে, নিরপেক্ষ হবে এবং সবাই ভোট দিতে পারবে। অবশ্যই সেই নির্বাচনটি নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে।”
“আমরা আশা করব, সরকারের শুভবুদ্ধির উদয় হবে। নির্বাচন দিয়ে নিজেরা সঙ্কটমুক্ত হতে চেষ্টা করবেন, জাতিকে সঙ্কটমুক্ত করতে উদ্যোগী হবেন। দেশে ইনক্লুসিভ রাজনীতির পুনর্সূচনা করবেন,” বলেন তিনি।
হাই কোর্টের রায় ‘বাস্তবভিত্তিক নয়’
নির্বাচনকালীন সরকার নিয়ে হাই কোর্টের দেওয়া পর্যবেক্ষণের বিষয়ে আসাদুজ্জামান রিপন বলেন, এটা বাস্তবভিত্তিক কিংবা প্রয়োগযোগ্য নয়।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের পর দশম জাতীয় সংসদ নির্বাচন বিএনপি বর্জন করলে ১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীরা, যা নিয়ে হাই কোর্টে দুটি রিট আবেদন হয়।
২০১৪ সালে খারিজ করে দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি গত সপ্তাহে প্রকাশিত হয়েছে। রায়ের পর্যবেক্ষণে আগামী দুটি সংসদ নির্বাচনে নির্বাচনকালীন সরকার গঠনের বিষয়ে দুটি ‘বিকল্প’ দেওয়া হয়েছে।
এর প্রথমটিতে বলা হয়েছে- বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে সংসদে প্রতিনিধিত্বকারী সব দলের সদস্যদের নিয়ে ৫০ সদস্যের নির্বাচনকালীন নতুন মন্ত্রিসভা হতে পারে। অন্যটিতে বলা হয়েছে, সংখ্যাগরিষ্ঠ দল প্রথম চার বছর ক্ষমতায় থাকবে। আর সংসদের প্রধান বিরোধী দল শেষ বছর সরকারের দায়িত্বে থাকবে।
হাই কোর্ট বেঞ্চ ২০১৪ সালের ১৯ জুন রিট আবেদন দুটি খারিজ করে দেয়। এ সপ্তাহে সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করে সুপ্রিম কোর্ট। হাই কোর্টের ওই রায়ের পর্যবেক্ষণে আগামী দুটি সংসদ নির্বাচনে নির্বাচনকালীন সরকার গঠনের বিষয়ে দুটি ‘বিকল্প’ দেওয়া হয়েছে।
রিপন বলেন, “আদালত যে ফর্মূলায় নিবার্চনের কথা বলেছেন, তার কোনো সুযোগ নেই। এখন যে সংসদ আছে, তাতে শুধু আওয়ামী লীগ ও তার জোটের কয়েকজন এবং জাতীয় পার্টি ছাড়া আর কেউ নেই। সুতরাং একটা ফার্সিকাল পার্লামেন্টের প্রতিনিধিরা যে সরকার গঠন করবে, সেটা আমরা সমর্থন করি না।
“আদালতের ওই ফর্মুলা অনুযায়ী, বিএনপির মতো একটি বৃহত্তম রাজনৈতিক দল ১০ শতাংশ অর্থাৎ ৫০ জন মন্ত্রীর মধ্যে ৫ জন পাবে, সেটাও বাস্তবসম্মত নয়।”
হাই কোর্টের ওই পর্যবেক্ষণের সমালোচনা করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত বলেছেন, আদালত উপন্যাস লেখার জায়গা নয়।
রিপন বলেন, “আমাদের তরফ থেকে এভাবে বিচার বিভাগকে কটাক্ষ করতে চাই না। তুচ্ছ-তাচ্ছিল্য করতে চাই না। বিচারকদের জ্ঞান-প্রজ্ঞা-অভিমত নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য নেই।”
তবে উচ্চ আদালতের বিচারকদের এই পযর্বেক্ষণের মধ্য দিয়ে সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রকাশ ঘটেছে দাবি করে তিনি বলেন, “যে কথাটি প্রাকাশিত হয়েছে, তা হচ্ছে, শাসক দলের অধীনে কোনো নির্বাচন সম্ভব নয়।”
খালেদার কেক কাটা প্রসঙ্গে
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের দিন খালেদা জিয়া জন্মদিনের কেক কাটা নিয়ে আওয়ামী লীগ নেতাদের সমালোচনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে রিপন আবারও বলেন, এটা ব্যক্তিগত বিষয়।
“জন্মদিন পালন করা, না করা একজনের ব্যক্তিগত বিষয়। আমি আগেও বলেছি, আমাদের দলের চেয়ারপারসন কখনোই নিজের থেকে জন্মদিন পালন করেননি। দলের নেতা-কর্মীরা নিজেদের উৎসাহ থেকে এটা করে থাকেন।”
এর আগে খালেদা জিয়া ১৫ অগাস্ট প্রথম প্রথম প্রহরে কেক কাটতেন, এবার তা না করে কেটেছেন দিবাগত রাতে।
এ বিষয়ে রিপন বলেন, “আপনি আগের দিনের কথা বলেছেন। সেদিন শুক্রবার ছিল। ছুটির দিন তিনি (খালেদা) সাধারণত অফিসে আসেন না।”
নয়া পল্টনে বিএনপি অফিসে সংবাদ সম্মেলনে রিপনের সঙ্গে ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, কৃষি বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা খান, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, জন গোমেজ, কেন্দ্রীয় নেতা আসাদুল করীম শাহিন, হেলেন জেরিন খান, লায়লা বেগম, মাহবুবুল হক নান্নু প্রমুখ।
