১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বন্যা দুর্গতদের উদ্ধার ও ত্রাণ বিতরণে ছাত্রদলকর্মীদের ১০ নির্দেশনা

বন্যাকবলিত এলাকার ইউনিটগুলোকে ত্রাণ কার্যক্রমের যাবতীয় তথ্য সংগঠনের কেন্দ্রীয় দফতরে পাঠাতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2026, 07:46 PM

Updated : 11 Sep 2026, 03:37 PM

দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় দুর্গতদের উদ্ধার ও ত্রাণ সামগ্রী বিতরণে নেতাকর্মীদের ১০ জরুরি নির্দেশনা দিয়েছে ছাত্রদল।

শুক্রবার ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশনায় সংশ্লিষ্ট ইউনিটগুলোকে অবিলম্বে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

নেতাকর্মীদের করণীয় সম্পর্কে যে ১০ নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো হল– 

•    সাধারণ মানুষ এবং তাদের গৃহপালিত পশুগুলোকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। 

•    উদ্ধারকাজে সক্রিয়ভাবে অংশ নিতে প্রতিটি ইউনিটে প্রয়োজনীয় সংখ্যক উদ্ধারকারী দল প্রস্তুত রাখতে হবে।

•    স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে আলোচনা করে শুকনো বা রান্না করা খাবার, খাবার স্যালাইন, ফিটকিরি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ প্রয়োজনীয় জরুরি ওষুধ প্রস্তুত এবং বিতরণ করতে হবে।

•    যারা ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন, তাদের ফাঁকা বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয়দের সঙ্গে আলোচনা করে উদ্যোগ নিতে হবে।

•    বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি পোষাতে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দিয়ে সহায়তা করতে হবে।

•    উদ্ধার ও ত্রাণ বিতরণের ক্ষেত্রে নারী, শিশু ও বৃদ্ধদের সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

•    বন্যাদুর্গত এলাকায় চিকিৎসা সহায়তার জন্য ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বিশেষ মেডিকেল টিম গঠন করতে হবে।

•    বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত এলাকার বাঁধ পুননির্মাণসহ যাবতীয় পুনর্বাসন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে হবে।

•    বন্যা পরবর্তী সময়ে টাইফয়েড, ডায়েরিয়া, আমাশয়সহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় ইউনিটভিত্তিক মেডিকেল টিম গঠন ও ওষুধ বিতরণের প্রস্তুতি নিতে হবে।

•    ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির পুরো কার্যক্রমটি সার্বিকভাবে সমন্বয় করবেন। বন্যাকবলিত এলাকার ইউনিটগুলোকে ত্রাণ কার্যক্রমের যাবতীয় তথ্য কেন্দ্রীয় দপ্তরে পাঠাতে হবে।