Published : 15 Jan 2026, 03:36 PM
জোট ত্যাগের আভাস দিয়ে বৈঠকে উপস্থিত না থাকলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য নির্দিষ্ট আসন রেখে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট আসন ভাগাভাগি চূড়ান্ত করেছে।
ইসলামপন্থি এই জোটের কোন দল কত আসন নিয়ে সমঝোতায় এসেছে তা সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানোর কথা বলেছেন জোট নেতা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের আসন ভাগাভাগি নিয়ে সমঝোতার জরুরি বৈঠক বসে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের নেতারা।
বৈঠকে উপস্থিত একটি দলের চেয়ারম্যান জানান, তাদের এই মোর্চার নাম হবে ‘১১ দলীয় নির্বাচনি ঐক্য’।
তিনি বলেন, রাত ৮টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ২৫০ আসনের সমঝোতা হিসেবে কোন দলের কত আসন, তা ঘোষণা করা হবে। বাকি ৫০ আসন চরমোনাইয়ের পীরের দল ইসলামী আন্দোলনের সিদ্ধান্তের পর বণ্টিত হবে।

প্রত্যাশিত আসনে ছাড় না পেলে শেষ পর্যন্ত ১১ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার আভাস দিয়ে রেখেছিল ইসলামী আন্দোলন।
এদিন দুপুর ১২টায় জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে বাকি ১০ দলের নেতাদের নিয়ে জোটের বৈঠক শুরু হয়। দুপুর পৌনে ৩টার দিকে বৈঠক শেষ হয়।
কী সিদ্ধান্ত হল, জানতে চাইলে বৈঠকে উপস্থিত থাকা মামুনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১১ দলীয় জোটের আজকের বৈঠকে আসন ভাগাভাগির বিষয়টি চূড়ান্ত হয়েছে। কোন দল কত আসনে জোট প্রার্থী হিসেবে নির্বাচন করবে, তা চূড়ান্ত হয়েছে। আজকে রাত ৮টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরা হবে।”
ইসলামী আন্দোলন বৈঠকে কেন আসেনি এবং তাদের বাদ দিয়ে ১০ দলের জোট হল কি না জানতে চাইলে তিনি বলেন, “ইসলামী আন্দোলনের নেতাদের সাথে আমাদের আলোচনা চলমান আছে, তাদের জন্য আসন নির্দিষ্ট করে রেখেই জোটের আসন ভাগাভাগি হয়েছে।”
বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগারিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি-বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুর কাদের।
বৈঠক থেকে বের হয়ে আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা আজকের বৈঠকে ইসলামী আন্দোলনের জন্য প্রাপ্য আসন সমঝোতার মাধ্যমে সব দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে ঠিক করেছি, তাদের জন্য আসন রেখেই আমরা চূড়ান্ত করেছি।”
ইসলামী আন্দোলন জোট থেকে বের হয়ে যাবে বলে যে আলোচনা শোনা যাচ্ছে, সে বিষয়ে আপনারা কতটুকু জানেন? জবাবে তিনি বলেন, “আলাপ আলোচনা এখনও চলছে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত তারা সিদ্ধান্ত নিতে পারবেন। তবে আমরা আশাবাদী ১১দলীয় জোটে ইসলামী আন্দোলন থাকবে।”
পুরনো খবর
১১ দলে আসন ভাগাভাগি: জামায়াতকে নিয়ে ‘অবিশ্বাস’, যা বলছে ইসলামী আন্দোলন
‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের’ পথে না থাকতে পারায় ক্ষমা চাইলেন এবি পার্টির মঞ্জু