২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের আগে সংস্কার চান না জি এম কাদের

“ঘৃণা আর প্রতিহিংসা বাড়াতে হবে- এটাই যেন এখন সরকারের ধর্ম হয়ে গেছে,” বলেন তিনি।

নির্বাচনের আগে সংস্কার চান না জি এম কাদের
রাজধানীর বনানীতে বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় শ্রমিক পার্টির যৌথ সভায় বক্তব্য রাখেন জি এম কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2025, 07:18 PM

Updated : 10 Sep 2026, 12:33 PM

নির্বাচনের আগে সংস্কার কাজে হাত না দেওয়ার আহ্বান জানিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ না থাকলে, একতরফা নির্বাচনের বৈধতা দিতে তার দল নির্বাচনে যাবে না।

বৃহস্পতিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে জাতীয় শ্রমিক পার্টির যৌথ সভায় সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময় সংসদে বিরোধী দলের আসনে থাকা জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, “আমরা নির্বাচনে যাব নির্বাচনের পরিস্থিতি দেখে। যদি নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ না থাকে, যদি একতরফা নির্বাচন হয় তাহলে কারো নির্বাচনে বৈধতা দিতে জাতীয় পার্টি নির্বাচনে যাবে না।”

গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার উদ্যোগে ডাকা হয়নি সাবেক স্বৈরশাসক এরশাদের জাতীয় পার্টিকে। ইতোমধ্যে প্রথম ধাপের ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। 

সংস্কার নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেন, “সংস্কার বিষয়ে সরকার আমাদের ডাকেনি। সংস্কার প্রসঙ্গে আমাদের সাথে কোন আলোচনা হয়নি। আমাদের সাথে আলোচনা হলে, আমরা এটাই বলব- সংস্কার প্রস্তাবগুলো প্রকাশ করুন। 

“নির্বাচনের পরে যারা সরকার গঠন করবে তারই সংস্কার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এখনই সংস্কারে হাত না দেওয়াটাই আমাদের সাজেশন।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণআন্দোলনে সরকার পতনের পর ৫ অগাস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে জাতীয় পার্টিও ছিল।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রথম দফার সংলাপেও জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হয়। তবে পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর বিরোধিতা করতে থাকলে পরিস্থিতি পাল্টে যায়।

দলটির চেয়ারম্যান বলেন, “তারাই নাকি আন্দোলন করেছে, আর কেউ করে নাই। এখন তারা যাদেরকে বলবেন ফ্যাসিবাদের বিরুদ্ধে, তারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে। আর যাদের বলবেন ফ্যাসিবাদের দোসর, তারাই ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদ। 

“এভাবে নিজেদের ইচ্ছায় দেশকে ভাগ করেছেন। ফ্যাসিবাদের দোসরদের ঘৃণা করেন, প্রতিহিংসা নেন, তাদের বিরুদ্ধে লেগে যান, ঘরবাড়ি, বিল্ডিং ভেঙে দেন। এই ধরনের রাজনীতি সরকারিভাবে প্রোমোট করা হচ্ছে।”

জিএম কাদের বলেন, “ঘৃণা আর প্রতিহিংসা বাড়াতে হবে- এটাই যেন এখন সরকারের ধর্ম হয়ে গেছে। যত ঘৃণা, প্রতিহিংসা বাড়াতে পার, এটাই হলো এখন রাজনীতি, সামাজিক নীতি। 

“এভাবে কোনো দেশ চলতে পারে না। এটা গত সরকারও করেছে। এখন তাদের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে।”

ঘৃণা, প্রতিহিংসার রাজনীতি থামানোর দাবি তুলে ধরে তিনি বলেন, “আমরা ঘৃণার জায়গায় ভালোবাসা দেখতে চাই। প্রতিহিংসার জায়গায় সমঝোতা দেখতে চাই।”

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সমালোচনা করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, “এই সরকারের প্রতি জনগণের আস্থা নেই। এই সরকার নিরপেক্ষ কি না, এটা নিয়ে মানুষের মনে সন্দেহ দেখা দিয়েছে। এই সরকার বৈষম্য করছে। স্থিতিশীলতা চাইলে সকলকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে।”

যৌথসভায় সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক পার্টির নির্বাহী কমিটির সভাপতি কাজী মেফতাহ উদ্দিন জসীম। আর সাধারণ সম্পাদক শেখ মো. শান্তর সঞ্চালনায় বক্তব্য রাখেন- জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের।