২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানবাধিকার কমিশন করছে কী, প্রশ্ন গণতন্ত্র মঞ্চের

মাহমুদুর রহমান মান্না বলেন, “বাংলাদেশে যে একটি জাতীয় মানবাধিকার কমিশন আছে সেটাই এখন বোঝা যায় না। বরং তারা সরকারের তাঁবেদারি করে চলেছে।”

মানবাধিকার কমিশন করছে কী, প্রশ্ন গণতন্ত্র মঞ্চের

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রাজধানীর কারওয়ানবাজারে জাতীয় মানবাধিকার কমিশনের সামনে মানববন্ধনে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2023, 08:05 PM

Updated : 10 Dec 2023, 08:05 PM

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের প্রতিকারে জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে গণতন্ত্র মঞ্চ।

রোববার দুপুরে কারওয়ান বাজারে কমিশন কার্যালয়ের সামনে মানববন্ধনে মঞ্চের নেতারা এই প্রশ্ন তোলেন।

সরকার পতন ও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির আন্দোলনের সঙ্গেই আছে গণতন্ত্র মঞ্চ। গত ২৯ অক্টোবর থেকে তারা সপ্তাহে একদিন বিরতি দিয়ে টানা হরতাল ও অবরোধ ডেকে আসলেও আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পালন করে মানববন্ধন কর্মসূচি।

বিএনপি কেন্দ্রীয় কর্মসূচিটি পালন করে জাতীয় প্রেস ক্লাবের সামনে। গণতন্ত্র মঞ্চ যায় মানবাধিকার কমিশন কার্যালয়ের সামনে।

কর্মসূচিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘‘প্রতিদিন নাগরিকদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী গণতান্ত্রিক অধিকার হরণ করছে। কিন্তু বাংলাদেশ মানবাধিকার কমিশন তাদের বিরুদ্ধে কোনো তদন্ত করার ক্ষমতা রাখে না।

“এই কমিশন কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেনি। এই ধরনের কমিশন দেশের মানুষ আর দেখতে চায় না।”

গণতন্ত্র মঞ্চর নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘‘বাংলাদেশ মানবাধিকার কমিশন অনেক বছর ধরে কাজ করছে। কিন্তু কী করে তারা? নেপাল, ভুটানের মতো দেশ মানবাধিকারে ‘এ’ শ্রেণিতে উন্নীত হয়েছে। আমরা এতগুলো বছর ধরে ‘বি’ শ্রেণি থেকে উপরে যেতে পারি না।

“রাজনৈতিক দলের সভা সমাবেশ পুলিশ পণ্ড করে দেয়, গ্রেপ্তার করে নিয়ে যায়। আর আমাদের মানবাধিকার কমিশন কী করে?”

নাগরিক ঐক্যের নেতা বলেন, “আসলে বাংলাদেশে যে একটি জাতীয় মানবাধিকার কমিশন আছে সেটাই এখন বোঝা যায় না। বরং তারা সরকারের তাঁবেদারি করে চলেছে।”

আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি বলেন, ‘‘আপনারা যদি মনে করেন ‘ভুয়া ভোট’ করে, ‘জাল ভোট করে’ ক্ষমতায় থাকবেন, তাহলে এই নির্বাচন আপনাদেরকে নির্বাসনে পাঠাবে।

‘‘অবশ্য নির্বাসনে আওয়ামী লীগ এমনিতেই গেছে। নৌকা এখন আর ভাসে না, নৌকা আকাশ দিয়ে উড়ে। নৌকার মধ্যে লুটের চাল, লুটের সম্পদ। এই নৌকা আর জনগণের নৌকা নেই।”

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘‘আগামী ৭ জানুয়ারির নির্বাচনে কোনো দেশপ্রেমিক মানুষ ভোট দিতে পারে না। ঐক্যবদ্ধ হোন, রাজপথের দখল নিন।”

গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পুর সঞ্চালনায় মানববন্ধনে ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, হাবিবুর রহমান রিজু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ূম, প্রীতম দাশ, জেএসডির শহীদ উদ্দীন মাহমুদ স্বপন, সিরাজ মিয়া, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আনসার আলী দুলাল ও আকবর খানও বক্তব্য রাখেন।

আরও পড়ুন:

পুরনো খবর:

দোকান বন্ধ রাখুন, বিয়ের পার্টিও ছোট করুন: বিএনপির মানববন্ধনে ডাক
অবরোধে ফিরল বিএনপি, এবার ৩৬ ঘণ্টার
‘টাকা জমা করছি, আল্লাহর কাছ থেকে বাবাকে কিনে আনব’