২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের ‘ডাকাতির ফসল’ লোডশেডিং: মোশাররফ

মোশাররফ বলেন, “বিদ্যুতের বিষয়ে কেউ যাতে কিছু বলতে না পারে, সেজন্য তারা পার্লামেন্টে ইনডেমনিটি আইন পাস করে বিদ্যুৎ সেক্টরে ডাকাতি করার সুযোগ করে দিয়েছে।”

সরকারের ‘ডাকাতির ফসল’ লোডশেডিং: মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2022, 07:01 PM

Updated : 28 Oct 2022, 10:59 AM

বিদ্যুৎ খাতে সরকারের ‘অনিয়ম দুর্নীতির কারণে’ ভয়াবহ লোডশেডিং হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনাসভায় তিনি বলেন, “আজকে বিদ্যুতের অবস্থা, লোডশেডিং পরিস্থিতির কী অবস্থা আপনারা তা জানেন। বিদ্যুৎ খাতে ডাকাতি করার জন্য, চুরি করার জন্য এদেশের কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট স্থাপনের স্থায়ী ব্যবস্থা তারা করেছে।

“বিদ্যুতের বিষয়ে কেউ যাতে কিছু বলতে না পারে, আইনের আশ্রয় না নিতে পারে সেজন্য তারা পার্লামেন্টে ইনডেমনিটি আইন পাস করে বিদ্যুৎ সেক্টরে ডাকাতি করার সুযোগ করে দিয়েছে।”

মোশাররফ বলেন, “সেই ডাকাতির ফসল হচ্ছে আজকে বাংলাদেশের এই লোডশেডিং। আজকে গ্রামে-গঞ্জে ১২-১৪ ঘণ্টা বিদ্যুত থাকে না, শহরে ৪-৬ ঘণ্টা বিদ্যুত থাকে না। এই প্রধানমন্ত্রী বলেছিলেন, লোডশেডিংকে তিনি মিউজিয়ামে পাঠিয়ে দিয়েছেন। তাহলে কেনো বিদ্যুতের এই লোডশেডিং- জনগণের এই প্রশ্নের জবাব সরকারকেই দিতে হবে।”

সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘স্বৈরশাসনে সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দিচ্ছিলেন বিএনপি নেতা মোশাররফ।

সরকার পরিবর্তন ছাড়া দেশের ‘সংকট থেকে উত্তরণ সম্ভব নয়’ মন্তব্য করে মোশাররফ বলেন, “যারা গণতন্ত্র হত্যার করার জন্য দায়ী, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য দায়ী, দেশ থেকে টাকা পাচারের জন্য দায়ী, বিদ্যুতের লোডশেডিংয়ের জন্য দায়ী, ডলার পাচারের জন্য দায়ী তাদেরকে ক্ষমতায় রেখে এই সংকট উত্তরণ সম্ভব নয়।

“আজকে এটা বিএনপি কিংবা বিরোধী দল বা কোনো ব্যক্তি বা সংগঠনের কথা নয়। এটা সারাদেশের মানুষের দাবি যে, এই সরকারকে হটানো ছাড়া, এই সরকারকে পদত্যাগে বাধ্য করানো ছাড়া বাংলাদেশে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান ব্যাতিরেকে বর্তমান সংকট উত্তরণ সম্ভব হবে না।”

বিএনপির সমাবেশে ‘নানাভাবে বাধা দেওয়ার’ অভিযোগ করে তিনি বলেন, “এটাকে কী গণতান্ত্রিক দেশ বলতে পারেন? আমি খুলনার বিভাগীয় সমাবেশে উপস্থিত ছিলাম। দুইদিন আগে বাস-লঞ্চসহ সকল প্রকার যানবাহন বন্ধ করে দিয়েছে। এমনকি দুইদিন আগে নদীর ওপার থেকে নৌকায় করে মানুষ এপারে আসবে সেটাও বন্ধ করে দেয়া হয়েছিল।

“খুলনায় জনগণের জোয়ার সৃষ্টি হয়েছিল। এরা সবাই আমাদের নেতাকর্মী ছিল না, সাধারণ মানুষও ছিল। প্রত্যেকটি জনসমাবেশে সাধারণ মানুষ নেমে আসছে।”

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) এর যৌথ উদ্যোগে এই আলোচনা সভা হয়। বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ, ডিইউজের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাংবাদিক আলমগীর মহিউদ্দিন, রুহুল আমিন গাজী, শওকত মাহমুদ, নুরুল আমিন রোকন, মোদাব্বের হোসেন, কাদের গনি চৌধুরী, কামাল উদ্দিন সবুজ, ইলিয়াস খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির মুরসালিন নোমানী প্রমুখ উপস্থিত ছিলেন।