কলাবাগানে আওয়ামী লীগের জনসভা সোমবার
এ জনসভার অনুমতি চেয়ে রিটার্নিং অফিসারের কাছে চিঠি দেওয়া হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানমন্ডির কলাবাগান মাঠে সোমবার নির্বাচনি জনসভা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
ওই দিন দুপুর ২টায় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের তরফে এ জনসভার অনুমতি চেয়ে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কাছে চিঠি দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ১ জানুয়ারি বেলা ২টায় কলাবাগান মাঠে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনি জনসভা হবে।প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা
জনসভায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখবেন।
রিয়াজ বলেন, “আমরা সোমবার জনসভা করার জন্য অনুমতি চেয়েছি, আশা করছি পাব।”
দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের আনুষ্ঠানিক ভোটের প্রচার শুরু হয় গত ২০ ডিসেম্বর। হযরত শাহজালাল ও শাহপরাণের মাজার জিয়ারত করে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এরপর বিভিন্ন বিভাগে সমাবেশের পাশাপাশি বিভিন্ন জেলায় ভার্চুয়াল সমাবেশ করছেন তিনি।
