গানে গানে আওয়ামী লীগের তিন সংগঠনের ‘শান্তি সমাবেশ’ শুরু
জুমার নামাজ শেষে মসজিদের দক্ষিণ ফটকে নির্মিত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে ক্ষমতাসীন দলের তিন সংগঠনের এই সমাবেশ শুরু হয়।
‘যদি রাত পোহালে শোনা যেতো বঙ্গবন্ধু মরে নাই’- গান গেয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শান্তি সমাবেশ শুরু করেছে আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।
শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে নির্মিত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে ক্ষমতাসীন দলের তিন সংগঠনের এই সমাবেশ শুরু হয়।
সূচনায় গাওয়া হয় ‘যদি রাত পোহালে শোনা যেতো বঙ্গবন্ধু মরে নাই’ গানটি। এরপর পাঠ করা হয় প্রয়াত কবি সামসুল হকের 'আমি এসেছি' কবিতাটি। মঞ্চে উপস্থিত আছেন কেন্দ্রীয় যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতারা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
‘শান্তি সমাবেশ’ দুপুর ৩টায় শুরুর কথা থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, শহীদ মিনার, হাইকোর্ট মোড়, শাহবাগ মোড়, কদমফোয়ারা, পল্টন, গুলিস্তানসহ বিভিন্ন এলাকা এবং ঢাকার আশপাশ থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসতে শুরু করেন সকাল থেকে।
বেলা ১১টায় মঞ্চের চারপাশে জড়ো হওয়া টি-শাট পরা কর্মীদের মাথায় নানা রংয়ের ক্যাপ দেখা যায়। সে সময় প্রচণ্ড রোদ থাকায় মঞ্চের সামনের জায়গা বাদ দিয়ে আশপাশে অবস্থান করতে দেখা যায় কর্মীদের।
নারায়ণগঞ্জের রুপগঞ্জ থেকে সমাবেশে আসা মবুজ হোসেন বলেন, "গাজী গোলাম দস্তগীর গাজী এমপি মহোদয়ের নির্দেশে আমরা ১২টার দিকেই চলে আসছি, এখন স্টেডিয়ামের এই পাশে আছি। একটু পরে ওই পাশে সমাবেশে যাব।"
বায়তুল মোকররমের আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, ‘শান্তির সমাবেশের’ সব প্রস্তুতি শেষ হয়েছে।
এদিকে দেড় কিলোমিটার দূরে নয়া পলটনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশে মিলিত হয়েছে দলটির নেতাকর্মীরা।
নানা ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে আলোচিত এই সমাবেশ দুটি করতে পুলিশ দুই পক্ষকেই ২৩টি শর্ত বেঁধে দিয়েছে।
এর আগে গত ১২ জুলাই নয়া পল্টনে বিএনপি এবং বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ সমাবেশ করে।
