সংসদ ভবন চত্বরে সাজেদা চৌধুরীর কুলখানি অনুষ্ঠিত
কুলখানি ও দোয়ায় অংশ নেন জাতীয় সংসদের স্পিকার, আওয়ামী লীগের নেতাকর্মী ও সাজেদা চৌধুরীর পরিবারের সদস্যরা।
বর্ষীয়ান রাজনীতিক, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কুলখানি অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদ ভবনের এলডি হল চত্বরে।
রোববার বিকালে কুলখানির আগে সংক্ষিপ্ত আলোচনায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, “শোকাবহ এক পরিবেশে এখানে আমরা সবাই মিলিত হয়েছি। আমাদের পরম অভিভাবক, জাতির অভিভাবক সৈয়দা সাজেদা চৌধুরীকে আমরা হারিয়েছি। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আমরা একত্রিত হয়েছি।
“অনেক বিশেষণে তাকে আমরা বিশেষায়িত করতে পারি। তিনি সারাজীবন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অবিচল ছিলেন। আদর্শের তার এই অবিচল মনোভাব প্রজন্ম থেকে প্রজন্মে অনুসরণ যোগ্য। আমাদের যাদের বয়স কম, আমরাও তার সান্নিধ্য পেয়েছি, এজন্য নিজেদের ধন্য মনে করি। পঁচাত্তর পরবর্তী দুঃসময়, ১/১১ এর সময়ে তিনি যে ভূমিকা রেখেছেন তা স্মরণীয়।”
স্পিকার বলেন, “গণতান্ত্রিক সব আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। সাজেদা চৌধুরীর আদর্শ, রাজনৈতিক প্রজ্ঞা ও দুরদর্শিতা প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা যোগাবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগীর পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছিলো তার সুদীর্ঘ পথচলা।”
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা সাজেদা চৌধুরী গত রোববার মারা যান। তার বয়স হয়েছিল ৮৭ বছর। ফরিদপুর-২ (নগরকান্দা) আসনে ছয় বার সংসদ সদস্য নির্বাচিত হন সাজেদা চৌধুরী।
পঁচাত্তরে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগের দুঃসময়ে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছিলেন সাজেদা। শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হয়ে দেশে ফেরার পর তার সঙ্গেও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।
১৯৮৬ থেকে ১৯৯২ পর্যন্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পর ১৯৯২ সাল থেকে মৃত্যু পর্যন্ত তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীতে ছিলেন।
কুলখানি ও দোয়া অনুষ্ঠানে সাজেদা চৌধুরীর ছেলে সাহাব আকবর চৌধুরী লাবু বলেন, “মা আমাদের শিখিয়েছিলেন, আওয়ামী লীগ আমাদের পরিবার। মা আজ নেই। তার আদর্শ আমাদের রক্তে। “
এছাড়া প্রয়াত সংসদ উপনেতার ছেলে আয়মান আকবর চৌধুরী, সাজেদ আকবর চৌধুরী ও মেয়ে শামা রহমানও বক্তব্য রাখেন।
কুলখানিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী, আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীসহ ফরিদপুরে সাজেদা চৌধুরীর নির্বাচনী এলাকার মানুষজন অংশ নেন।
