২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুবাইদা ও জায়মার ‘কোনো ফেইসবুক অ্যাকাউন্ট নেই’: রিজভী

“এসব অপপ্রচারের লক্ষ্য হচ্ছে জনমনে জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা,” বলেন তিনি।

জুবাইদা ও জায়মার ‘কোনো ফেইসবুক অ্যাকাউন্ট নেই’: রিজভী
লন্ডনের হিথ্রো বিমানবন্দরে মেয়ে জায়মা রহমান ও স্ত্রী জুবাইদা রহমানের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2025, 07:11 PM

Updated : 26 Aug 2026, 01:08 PM

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান ও তাদের একমাত্র মেয়ে জায়মা রহমানের নামে ফেইসবুকে ‘কোনো অ্যাকাউন্ট নেই’ বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার ঢাকার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, একটি দুর্বৃত্তচক্র পরিকল্পিতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও তাদের কন্যা ব্যারিস্টার জায়মা রহমানের নামে ভুয়া ও মিথ্যা ফেইসবুক অ্যাকাউন্ট খুলে অসত্য ও বানোয়াট মন্তব্য পোস্ট করছে। 

“এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করে অসাধু প্রতারকচক্র জুবাইদা রহমান ও জায়মা রহমানের ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে।”

এরকম ‘গর্হিত’ কাজের নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে তিনি জোর দিয়ে বলেন, জুবাইদা রহমান ও জায়মা রহমানের নামে কখনোই কোনো ফেসবুক অ্যাকাউন্ট ছিল না এবং এখনো নেই। 

একই সঙ্গে জনগণকে ‘বিভ্রান্ত’ না হওয়ার অনুরোধ জানান রিজভী।

জুবাইদা রহমান ও জয়মা রহমানের নামে ভুয়া ফেইসবুক অ্যাকাউন্ট খোলার কাজটি ‘দুষ্টচক্রের উদ্দেশ্যপ্রণোদিত’ অপতৎপরতা হিসেবে তুলে ধরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, “এসব অপপ্রচারের লক্ষ্য হচ্ছে জনমনে জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা।

“যারা এ ধরনের ডিজিটাল জালিয়াতির কাজে যুক্ত রয়েছে। তারা সুদুরপ্রসারী কোনো চক্রান্তের নীলনকশা বাস্তবায়ন করছে বলে আমরা মনে করি।”

যারা তাদের নামে ভুয়া ফেইসবুক অ্যাকাউন্ট খোলার সঙ্গে জড়িত তাদের অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তির দাবিও জানান রিজভী।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন,  হাবিব-উন-নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ উপস্থিত ছিলেন।