২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়া মুক্ত হলে ফখরুলের ‘মাতব্বরি’ থাকবে না: তথ্যমন্ত্রী

হাছান মাহমুদ বলেছেন, বিএনপির নেতারা চায় না বেগম খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পাক; এটি যদি চাইত তাহলে আদালতে গিয়ে বড়বড় আইনজীবী দিয়ে মামলা লড়ত।

খালেদা জিয়া মুক্ত হলে ফখরুলের ‘মাতব্বরি’ থাকবে না: তথ্যমন্ত্রী

ঢাকা জেলা আওয়ামী লীগের অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ; মঙ্গলবার, ঢাকার খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2023, 10:46 PM

Updated : 21 Mar 2023, 10:46 PM

বিএনপিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের ‘মাতব্বরি’ ধরে রাখতেই দলটির পক্ষ থেকে খালেদা জিয়ার মুক্তি চাওয়া হয় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

মঙ্গলবার বিকালে ঢাকার খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে তিনি বলেন, বিএনপির নেতারা চায় না বেগম খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পাক। কারণ এটি যদি চাইত, তারা আদালতে গিয়ে বড়বড় আইনজীবী দিয়ে মামলা লড়ত।

“তারা কিন্তু মামলা লড়ে না, এবং বেগম খালেদা জিয়া মুক্তি পেলে ফখরুল ইসলাম আলমগীর সাহেবদের মাতব্বরিটা আর থাকে না, সে জন্য উনারা চান না যে বেগম খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পাক।”

খালেদা জিয়া সুস্থ হয়ে গেছেন দাবি করে মন্ত্রী বলেন, “বিএনপি নেতারা কিছুদিন আগে বলেছিলেন যে, বেগম খালেদা জিয়া এমন অসুস্থ যে উনাকে যদি বিদেশ নেওয়া না হয়- উনি মারা যাবেন। তাদের কথায় মনে হচ্ছিল, তারা চাচ্ছিল বেগম খালেদা জিয়া মারা যাক।”

এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পদত্যাগ দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সোমবারের বিবৃতির প্রতিক্রিয়াও জানান হাছান।

তিনি বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে সমগ্র দেশে সড়কের যে উন্নয়ন করেছে, সেই মন্ত্রণালয় হচ্ছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, যার মন্ত্রী আমাদের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের।

"আজকের পদ্মা সেতু সেই মন্ত্রণালয়ের অধীনেই বাস্তবায়িত হয়েছে। আজকের যে কর্ণফুলী টানেল, যে মেট্রোরেল সেটিও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে হয়েছে। তিনি একজন সফল মন্ত্রী।”

তিনি বলেন, "এখন কোনো ইস্যু নাই। বেগম খালেদা জিয়ার অসুস্থতার ইস্যু হালে পানি পায় নাই। ১০ ডিসেম্বর বড় একটা ‘অশ্ব ডিম’ পেড়েছিল। তাদের আন্দোলনে তাদের নেতারা-কর্মীরাও সাড়া দেয় নাই। এখন কোনো ইস্যু নাই, এখন রোড এক্সিডেন্টের মধ্যে গেছে।”

বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এদিন আলোচনা সভা ও বিশেষ শিশুদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা জেলা আওয়ামী লীগ।

জেলা সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ বক্তব্য দেন।