১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ধানমন্ডিতে ‘মিছিলের চেষ্টা’: গ্রেপ্তার ২৬ জন কারাগারে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ‘শপথ নেওয়ার পরিকল্পনা’ ছিল তাদের, ভাষ্য পুলিশের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2026, 09:51 PM

Updated : 26 Aug 2026, 03:40 PM

ধানমন্ডিতে ‘সরকারবিরোধী মিছিলের চেষ্টা করার’ অভিযোগে গ্রেপ্তার ২৬ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 

গ্রেপ্তার ব্যক্তিরা আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শনিবার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছে, মাহফুজুর রহমান ওরফে মুরাদ, সোহরাব খাঁ, মোস্তাক বিশ্বাস, রনি, জনি, মুরাদ লস্কর, সিয়াম হোসেন, তারিক জামিল, রাজু, বিল্লাল বখতিয়ার, চয়ন বিশ্বাস, অমিত চক্রবর্তী, তানজিল বিন রশীদ, নিহাদুল ইসলাম, সুপ্ত ঘোষ, সজিব সাহা, কুতুব হিলালী, শিমুল, সোহান আহমেদ, তামিম মোল্লা, সানিউল্ল্যাহ ওরফে শিমুল ব্যাপারী, আব্দুল হান্নান বিশ্বাস, মির্জা ফারহান আনন্দ, নাইমুর রহমান সোহাগ, আব্দুর রহিম ও জাহিদ হাসান।

মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার পরিদর্শক মোহাম্মদ রেজানুর রহমান তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

প্রসিকিউশন পুলিশের এসআই আবুল বাসার বলেন, আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকা থেকে শুক্রবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোর ২৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। 

পুলিশের দাবি, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ‘শপথ নেওয়ার পরিকল্পনা’ ছিল তাদের।

মামলার বিবরণে বলা হয়েছে, সরকারকে উৎখাত করতে আসামিরা বিভিন্ন সময়ে ধানমন্ডিসহ ঢাকার অলিগলিতে ষড়যন্ত্র করার পাশাপাশি মিছিল করে আসছিল। শুক্রবার দুপুরে তারা সরকারবিরোধী মিছিল করার জন্য ধানমন্ডিতে জড়ো হন।

মামলায় বাদী হয়েছেন ধানমন্ডি মডেল থানার এসআই মো. তানভীর মেহেদী।