এক বছর ‘প্রকৃতপক্ষে’ বেশি সময় হয়ে গেছে: খসরু
“অনেক আগে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশটার একটা ডেমোক্রেটিক অর্ডারে চলে যাওয়ার কথা ছিল,” বলেন তিনি।
দেশে গণতান্ত্রিক ব্যবস্থার বিলম্বের কারণে দিনকে দিন সংকট প্রকট হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সেজন্য দেশের কল্যাণে জুলাই আন্দোলন পরবর্তী দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরা দরকার ছিল বলে মনে করেন তিনি।
ঢাকার গুলশানের লেকশোরে বুধবার এক আলোচনাসভায় খসরু বলেন, “বিপ্লবোত্তর যে দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পেরেছে, সেই দেশগুলো বেঁচে গেছে, ভালো করছে। আর যে দেশগুলো বিপ্লবোত্তর সময়ে ‘আমার দাবি, ওর দাবি’ করতে করতে ঝামেলা বাগাইছে, ওই সমস্ত দেশে গণতন্ত্রও নাই, অর্থনীতিও নাই, সমাজও নাই। ওখানে গৃহযুদ্ধ চলছে, সমাজের বিভক্তি চলছে, দেশের অর্থনীতি বিধ্বস্ত হয়ে গেছে।
“এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব…, এক বছর ‘প্রকৃতপক্ষে’ বেশি সময় হয়ে গেছে। আমাদের অনেক আগে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশটার একটা ডেমোক্রেটিক অর্ডারে চলে যাওয়ার কথা ছিল এবং এই না যাওয়ার কারণে দেশ কিন্তু দিন দিন নিচের দিকে যাচ্ছে, সংকট প্রকট থেকে প্রকট হচ্ছে।”
তিনি বলেন, ‘‘সরকার এখানে, জনগণ ওখানে, মাঝখানে কোনো ব্রিজ নাই। সেই কারণে কী হচ্ছে দেশে? পুলিশ কাজ করছে না, সরকারি কর্মকর্তারা কাজ করতে পারতেছে না। আইনশৃঙ্খলা নাই, ব্যবসা বাণিজ্য নাই।
“একজন বলে গেলেন, দেশে কোনো ব্যবসা বাণিজ্য নাই। মিল-ফ্যাক্টরিতে নতুন বিনিয়োগ হচ্ছে না। আমার শ্রমের একটা বিনিয়োগ আছে, আমার সময়ের একটা বিনিয়োগ আছে সে যে কাজটা করবে করার জন্য তার তো ‘শর্ট টার্ম’, ‘মিড টার্ম’ ও ‘লং টার্ম’ একটা ‘প্রজেকশন’ আছে। এখন তো সেটা নাই, ‘ইন্টেরিয়াম’ মানে তো ‘ইন্টেরিয়াম’ বুঝতে হবে তো। এই অবস্থায় এখানে সিদ্ধান্ত কেনো নেবে?”
অন্তর্বর্তীকালীন সরকারের বিনিয়োগ সম্মেলন নিয়ে সাবেক বাণিজ্যমন্ত্রী খসরু বলেন, “এই যে একটা সামিট হল ওদিন। আমি উপস্থিত ওই সামিটে এবং ওই সামিটে একটা বিনিয়োগও আসে নাই।
“আসবে না তো। অনেকে যারা উপস্থিত হয়েছে বেশিরভাগ বর্তমান যারা বিনিয়োগকারী তারাই গেছে ওখানে। আমি তো সবাইকে চিনি, নতুন কোনো বিনিয়োগ হয়নি। কিন্তু যেই মুহূর্তে নির্বাচনের ঘোষণা এসছে এখন কিন্তু নড়াচড়া আরম্ভ হয়েছে। ওই যে ১০৭ জনের জাপানিজ ডেলিগেশন…নির্বাচন ঘোষণা দেওয়ার পরে তারা এখন আসছে দেখতে…নির্বাচন হয়ে যাওয়ার পরে সিদ্ধান্ত নেবে।”
গুলশানের লেকশোরে ‘স্কুল অব লীডারশীপ’ নামে একটি সংগঠনের উদ্যোগে আলোচনা সভায় কথা বলেন আমীর খসরু। বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন সেখানে বক্তব্য দেন।
