তৃতীয় মেয়াদে জামায়াত আমিরের শপথ নিলেন শফিকুর
শপথ গ্রহণের সময় তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন।
তৃতীয় মেয়াদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে শপথ নিয়েছেন শফিকুর রহমান।
তার আগে দলের তিনবারের আমির ছিলেন দুইজন - গোলাম আজম ও মতিউর রহমান নিজামী।
শুক্রবার রাতে মগবাজারে আল ফালাহ মিলানায়তনে এক অনুষ্ঠানে দলের অভ্যন্তরীণ প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এটিএম মাছুম তাকে শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণের সময় শফিকুর রহমান আবেগপ্রবণ হয়ে পড়েন।
শপথবাক্য পাঠ শুরুর আগে নির্বাচন কশিশনার মাছুম জানান, এবার আমির নির্বাচনে ১ লাখ ১৬ হাজার ৭৯২ জন নারী ও পুরুষ ভোট দিয়েছেন।
এ মেয়াদে তিনি ২০২৬ থেকে ২০২৮ পর্যন্ত দলের প্রধানের দায়িত্ব পালন করবেন। এর আগে ২০২০-২২ ও ২০২৩-২৫ মেয়াদে আমিরের দায়িত্বে ছিলেন তিনি।
শপথ অনুষ্ঠানের বিষয়ে দলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অনুষ্ঠানের পর জামায়াত আমির বক্তব্য দেনভ
তিনি বলেন, ‘‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্যবৃন্দ আমাকে আমীরে জামায়াত নির্বাচিত করে আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছে এ দায়িত্বের জন্য আমি মোটেও উপযুক্ত নই। আমি আপনাদের মতই একজন। আমরা সম্মিলিতভাবে সংগঠন পরিচালনা করি।
‘‘আল্লাহর মেহেরবানীতে আমার ভাইদের সহযোগিতায় আমি দায়িত্ব পালন করে আসছি।”
দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘‘কোনো দল বা ব্যক্তির অন্ধ প্রেমে মশগুল হবেন না। ভালোবাসা হবে আপোসহীন। দেশপ্রেমকে ধারণ করে আমরা যেন নির্বাচনকে অর্থবহ করতে পারি।”
অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের অধ্যাপক আশরাফ আলী আকন, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা মহিউদ্দীন রব্বানী, আহমদ আব্দুল কাদের, মাওলানা আহমদ আলী কাশেমী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, মুফতি ফখরুল ইসলাম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আব্দুল মাজেদ আতাহারী, মুসা বিন ইযহার, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) রাশেদ প্রধান, অধ্যাপক ইকবাল হোসেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির একেএম আনোয়ারুল ইসলাম চান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) রেদোয়ান আহমেদ, নেয়ামুল বশির, হাসান সোহরাওয়ার্দী, গণঅধিকার পরিষদের নূরুল হক নুর, হাসান মামুন, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আব্দুল মতিন সাউদ, বাংলাদেশ লেবার পার্টির এসএম ইউসুফ আলী, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) আবু তাহের উপস্থিত ছিলেন।
জামায়াত নেতাদের মধ্যে ছিলেন দলের জ্যেষ্ঠ নেতা মাওলানা আনম শামসুল ইসলাম, মিয়া গোলাম পরওয়ারসহ অন্য নেতারা।
