২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণের ঐক্য সরকার পতনকে ত্বরান্বিত করবে: ফখরুল

মির্জা ফখরুল দাবি করেছেন, সংবিধানে মূল লক্ষ্যগুলো বাস্তবায়িত করবার জন্য সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করবেন তারা।

জনগণের ঐক্য সরকার পতনকে ত্বরান্বিত করবে: ফখরুল

জাতীয় প্রেস ক্লাবে সোমবার ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) প্রতিষ্ঠাতা কাজী জাফর আহমদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2022, 08:51 PM

Updated : 29 Aug 2022, 08:51 PM

আন্দোলনে জনগণের ‘স্বতস্ফূর্ততা’য় সফলতা দেখছেন উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে জনগণের ঐক্য দেখে সরকার ‘ভয়’ পেয়েছে, এই ঐক্য সরকার পতনকে ত্বরান্বিত করবে।

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক স্মরণ সভায় বিএনপি মহাসচিব এ কথা বলেন। ২০ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) প্রতিষ্ঠাতা কাজী জাফর আহমদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণ সভা হয়।

সভায় মির্জা ফখরুল বলেন, “আজকে বড় ভয় পেয়েছে তারা যে, জনগণের ঐক্য সৃষ্টি হয়েছে। জনগণের ঐক্য এই সরকারের পতনকে ত্বরান্বিত করবে। আমরা বিশ্বাস করি, সমস্ত রাজনৈতিক দলগুলোর একটা ঐক্য সৃষ্টি হবে। সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে আমরা, সামনে এই ভয়াবহ দানবীয় যে সরকার, সেই সরকারকে সরিয়ে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চাই।”

বিএনপির মহাসচিব বলেন, “জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল-ডাল-তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করতে গিয়ে ভোলায় আমাদের ছাত্র দলের নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম পুলিশের গুলিতে নিহত হওয়ার পরে আমরা আন্দোলন শুরু করেছিলাম। এখন সারাদেশে সেই আন্দোলন অত্যন্ত বেগবান হচ্ছে।

“আপনারা দেখেছেন যে, প্রতিটি জায়গায় জনগণ স্বতঃস্ফূর্তভাবে নেমে আসছে এবং এই সরকারের বিরুদ্ধে তারা তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ তারা করছে।”

আন্দোলনে ‘ভীত’ হয়ে এই সরকার সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দিয়েছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, “বিভিন্ন জায়গায় তারা আক্রমণ করছে, পুলিশ বিভিন্ন জায়গায় গুলি করছে, আমাদের নেতা-কর্মীদের আহত করছে। এই সরকারের যে ভয়াবহ সন্ত্রাসী চেহারা তা আবার উন্মোচিত হতে শুরু করেছে।”

জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে যুগ্ম মহাসচিব এ এস এম শামীমের সঞ্চালনায় আলোচনায় জেএসডির আ স ম আবদুর রব, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির মনিরুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার খন্দকার লুৎফর রহমান, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবিব লিংকন, প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান, রুহুল আমিন, মজিবুর রহমান, সেলিম মাস্টার, যুগ্মমহাসচিব কাজী নজরুল বক্তব্য রাখেন।