আওয়ামী লীগ সরকারে থাকলে স্বাধীনতা থাকবে না: ফখরুল
“আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে; এমন একটা বিষয় নাই যে, আজকে যে, ধ্বংস হয়ে যায়নি।”
বর্তমান সরকার ক্ষমতায় থাকলে দেশের সব কিছু ‘ধ্বংস’ হয়ে যাবে দাবি করে সরকার হঠাৎ ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার তাগিদ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার বিকালে নয়া পল্টনে মহানগর বিএনপি কার্যালয়ে এক আয়োজনে তিনি এ কথা বলেন।
সরকার ‘দেশকে রসাতলে নিয়ে যাচ্ছে’ বলে মন্তব্য করে বিএনপি নেতা বলেন, “আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে বাংলাদেশ ততই আরও দ্রুত রসাতলে যাবে।
“এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে আমাদের স্বাধীনতা থাকবে না, আমাদের সার্বভৌমত্ব থাকবে না, আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে; এমন একটা বিষয় নাই যে, আজকে যে, ধ্বংস হয়ে যায়নি।”
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিলে যোগ দিয়েছিলেন ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, ‘‘আওয়ামী লীগ যখন ১৯৭১ সালে থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল, তখন তারা একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছে। আজকে ভিন্ন চেহারাতে একটু ছদ্মবেশ ধারণ করে গণতন্ত্রের কথা বলে তারা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে।
“এই গণতন্ত্রকে ধ্বংস করতে গিয়ে তারা নির্বাচনকে ধ্বংস করেছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, প্রশাসনকে পুরো দলীয়করণ করেছে …এমন কোনো প্রতিষ্ঠান বাকি নেই গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো তারা ধ্বংস করেনি।”
সরকারবিরোধী ঐক্য গড়ে তোলার তাগিদ দিয়ে ফখরুল বলেন, “সেই ঐক্যের মধ্য দিয়ে আন্দোলনকে বেগবান করা, আরও শক্তিশালী করা এবং রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে পরাজিত করা।”
খালেদা জিয়ার মুক্তির দাবির বিষয়ে তিনি বলেন, “আওয়ামী লীগকে যদি আমরা সরাতে পারি তাহলে সব বিষয়গুলো আমরা ফিরিয়ে আনতে পারব।
“আসুন সেই লক্ষ্যে আমরা কাজ করি। ইনশাল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি, কেউ আমাদেরকে পরাজিত করতে পারবে না।”
নবগঠিত মহানগর বিএনপি উত্তর, দক্ষিণ এবং যুব দলের নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে ফখরুল বলেন, “আমরা আশা করব ঢাকা মহানগরের নতুন কমিটির নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী হবে এবং এই সরকারকে পরাজিত করতে ভূমিকা রাখবে।”
আয়োজনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, “দেশনেত্রীর মুক্তি ছাড়া এ দেশের মানুষের গণতান্ত্রিক মুক্তি হবে না। মানুষের কোনো কথাই সরকার কর্ণপাত করছে না। তারা তাদের মত করে চলছে, তাদের মত করে কথা বলছে, জনগণের কথা তারা বোঝে না, আমরা তাদের ভাষা বুঝতে পারি না “
মিলাদ মাহফিলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মীর সরাফত আলী সপু, সুলতান সালাউদ্দিন টুকু, মহানগর দক্ষিণের সভাপতি রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, উত্তরের আহ্বায়ক সাইফুল আলম নিরব, সদস্য সচিব আমিনুল হক, যুব দলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সিনিয়র সহসভাপতি রেজাউল করীম পল, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নও ছিলেন।
খালেদা জিয়ার আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত পড়ান করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী সেলিম রেজা।
