সৈয়দ জামিলদের নিয়ে কীসের রাষ্ট্র পরিচালনা করবেন: রিজভী
“যারা ভদ্র আওয়ামী লীগার, তারা তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তারা তো বাজার-হাট করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে”, বলেন তিনি।
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে তিনি বলেছেন, “সৈয়দ সৈয়দ জামিল আহমেদদেরকে নিয়ে আপনি কীসের রাষ্ট্র পরিচালনা করবেন?”
মঙ্গলবার দুপুরে এক অনুষ্ঠানে সৈয়দ জামিলের সাম্প্রতিক একটি মন্তব্য তুলে ধরে বিএনপি নেতা এই প্রশ্ন করেন।
রিজভী বলেন, “শিল্পকলা একাডেমির ডিজি বানানো হয়েছে… কি যেন নাম সৈয়দ জামিল আহমেদ। তিনি কিন্তু কয়েকদিন আগে বলেছেন, রামেন্দু মজুমদার, নাসির উদ্দিন বাচ্চু…এদেরকে নিয়ে আসা দরকার।
“তারা পালিয়েছে কেন? ওরা আত্মগোপনে আছে কেন? আমরা দেখছি যারা ভদ্র আওয়ামী লীগার, তারা তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তারা তো বাজার-হাট করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। এই যে সচিবালয়ে যারা কাজ করেন তারা তো সবাই বিএনপির না। কই তাদেরকে তো কেউ কিছু বলছে না। এরা পালিয়ে যাচ্ছে কেন?”
নাট্যকার, সংস্কৃতিজীবী ও ‘তথাকথিত বুদ্ধিজীবীরা’ গত ১৬ বছর ধরে শেখ হাসিনার ‘অন্যায়কে’ ন্যায্যতা দান করেছেন মন্তব্য করে বিএনপি নেতা বলেন, “এই কাজটি করেছেন করেছেন মুনতাসীর মামুনরা, শাহরিয়ার কবিররা।”
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ করে রিজভী বলেন, “আবার আপনি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চান? আপনি যদি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চান তাহলে হয়ত আপনাদের সুবিধা হতে পারে, কিন্তু গোটা জাতি চিরদিনের জন্য ক্রীতদাস হয়ে যাবে, বন্দি হয়ে যাবে শেখ হাসিনার কাছে আর শেখ হাসিনার ‘প্রভু’ ভারতের কাছে।
‘‘গোটা জাতিকে তারা উন্মুক্ত একেবারে কারাগারে পরিণত করবে এবং তাদের হাত থেকে আর বের হওয়া যাবে না। সুতরাং এই বিষয়গুলো অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে।”
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন নাট্য নির্দেশক সৈয়দ জামিল আহমেদকে শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।
সরকারের পালাবদলের পর শিল্পকলায় লিয়াকত আলী লাকী যুগের অবসানের পর এ দায়িত্বে কে আসছেন তা নিয়ে সাংস্কৃতিক অঙ্গনে আলোচনা থাকার মধ্যে এ নিয়োগ হল। সাত দফায় মেয়াদ বাড়ানোর পর ১৩ বছর এ দায়িত্বে ছিলেন লাকী।
দুপুরে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের পক্ষ থেকে ছাত্র-জনতার আন্দোলনে নিহত তিন পরিবারকে আর্থিক সহযোগিতা দেন রিজভী এবং আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন।
৩৪ ডিসি ‘ছাত্রলীগের’
অন্তর্বর্তী সরকার যে ৩৪ জনকে ডিসি হিসেবে নিয়োগ দিয়েছে, তারা ছাত্রজীবনে ছাত্রলীগ করতেন বলেও অভিযোগ করেন রিজভী।
তিনি বলেন, “ছাত্রলীগের মধ্যে যে ভালো ছেলে নাই, তা তো না। কিন্তু অধিকাংশকেই কোটা বৃদ্ধি করে নিয়েছেন…. এরা মেধায় আসতে পারত না, এখন ডিসি হয়ে গেছে।
“অন্তর্বর্তী সরকারের প্রতি সকলের আস্থা আছে। বর্তমান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস প্রত্যেকের শ্রদ্ধাভাজন মানুষ। কিন্তু উনাদের দেখতে হবে এই পরাজিত ‘ভয়ংকর স্বৈরশাসকের’ দোসররা যদি মাথাচাড়া দেয় তাহলে তো আবার সেই পরিস্থিতি তৈরি হবে।…একজন ছাত্রলীগ নেতা ২ হাজার কোটি টাকা পাচার করেছে। এদেরকে সম্পর্কে সজাগ থাকতে হবে।”
আরও পড়ুন:
