Published : 04 Feb 2026, 07:39 PM
ঢাকা-১৭ আসনের কড়াইল, ভাষানটেক ও সাততলা এলাকার বাসিন্দাদের নানা সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা রহমান।
বুধবার বিকালে হাতিরঝিলে অ্যাম্পিথিয়েটারে উন্মুক্ত গ্যালারিতে তিন এলাকার রিকশাচালক, বাসচালক, পোশাককর্মী, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, কৃষিবিদ, ব্যাংকার্স, সিস্টার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
সেখানে জুবাইদা রহমান বলেন, “আপনারা আপনাদের মূল্যবান সময় নিয়ে এখানে এসেছেন, আমাদের কথা শুনেছেন এবং সমস্যাগুলো আমাদের বলেছেন। আমরা আমাদের সাধ্যমত আপনাদের সমস্যাগুলো আরো শুনব, আরো জানব।
“আমরা একে অপরকে আরো জানতে চেষ্টা করব, যাতে সমস্যাগুলো সুষ্ঠুভাবে সমাধান করে একটি সুন্দর সমতাভিত্তিক, জ্ঞানভিত্তিক ও শ্রমভিত্তিক রাষ্ট্র উপহার দেওয়া যায়।”
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমান।
তার এ সংসদীয় এলাকায় গিয়ে জুবাইদা রহমান বলেন, “আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়। আমরা বলি- ‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ, ভেদাভেদের আগে সমতা, সবার জন্য সমান সুযোগ-শ্রমের মর্যাদা’।
“আমরা সকলকে দিতে চাই শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন, মেধাভিত্তিক চাকরি এবং অধিকার, সুবিচার, শোষণের আগে অধিকার। আমরা এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র উপহার দিতে চাই জনগণকে, যেখানে নেতার আগে জনতা।”
তিনি বলেন, “করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। সেজন্য আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে।”
জুবাইদা ভাষানটেক, কড়াইল ও সাততলা এলাকার বাসিন্দাদের কথা শোনার পর বলেন, “আপনাদের সমস্যা অনেক। আমি-আপনি-আমাদের সকলের সমস্যা অনেক। সুষ্ঠ পরিকল্পনার মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান সম্ভব।”

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, পরিচালক সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকী, ভাষানটেকের বাসিন্দা গৃহিণী তানিয়া আখতার, তিতুমীর কলেজের শিক্ষার্থী কড়াইল আদর্শ নগরের ফাতেমা আখতার বিধি, সাউথ ইস্ট ইউনির্ভাসিটির শিক্ষার্থী সাততলার এলাকার নার্গিস আখতার এবং পোশাক কর্মী মির্জা আল শামীম, ফাতেমা খাতুন ও পরিবহন শ্রমিক রুহুল আমিন বাবু।
স্থানীয় বাসিন্দারা নিজ নিজ এলাকার সমস্যা বিশেষ করে রাস্তা-ঘাট উন্নয়ন, পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা, খেলার মাঠ নির্মাণ, হাসপাতাল স্থাপন, শিল্প প্রতিষ্ঠানে ডে-কেয়ার সেন্টার তৈরি, শিল্পে নারী কর্মীদের ওপর নিপীড়ন নির্যাতন বন্ধ, যানজট নিরসন, বস্তিবাসীর স্থায়ী পুনর্বাসন, গণপরিবহনের ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তিতে দুর্নীতি দুর করা ও রাস্তাঘাটের লাইটিং ব্যবস্থা উন্নত করাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালন ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমানের প্রধান নির্বাচনী এজেন্ট আবদুস সালাম বক্তব্য দেন।
অনুষ্ঠানে ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রার্থী তারেক রহমানের প্রধান নির্বাচনি এজেন্ট আবদুস সালামও উপস্থিত ছিলেন।