Published : 17 Aug 2026, 12:39 PM
জুলাই আন্দোলনের সময় ঢাকার শাহবাগে ঝুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য আমিরুল আলম মিলনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা সোমবার এ আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ জানান।
মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক গত ১৫ অগাস্ট মিলনকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানির জন্য সোমবার দিন ধার্য করে আদালত।
সে অনুযায়ী এদিন তাকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে মামলাটিতে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
মিলন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত জানিয়ে চিকিৎসার জন্য আবেদন করেন তার আইনজীবী ইকবাল মাহমুদ শোভন।
তার আরেক আইনজীবী লিটন মিয়া বলেন, আদালত কারাবিধি অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন ঝুট ব্যবসায়ী মো. মনির। ওইদিন দুপুরে গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ওই ঘটনায় মনিরের স্ত্রী রোজিনা আক্তার ২০২৫ সালের ১৪ মার্চ শাহবাগ থানায় এ হত্যা মামলা দায়ের করেন। তাতে ৩৫১ জনকে এজাহারনামীয় এবং আরও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
২০২৫ সালের মে মাসে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আমিরুল আলম মিলনকে গ্রেপ্তার করে। তখন তাকে যুবদল নেতা শামীম হত্যা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিল আদালত।