ছাত্রলীগকে দোষ দেওয়া এখন ফ্যাশন: কাদের
সরকার উৎখাতে দেশে-বিদেশে ‘ষড়যন্ত্র চলছে’ মন্তব্য করে কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের বক্তব্যকেও বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে।
ছাত্রলীগকে দোষ দেওয়া ‘ফ্যাশনে পরিণত হয়েছে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, "পত্র পত্রিকায় যা দেখতে পেলাম তাতে ছাত্রলীগকে দোষ দেওয়া যেন ফ্যাশনে পরিণত হয়েছে। সব দোষই যেন নন্দ ঘোষ ছাত্রলীগের। অথচ এই হামলায় ৫০০ জন আহত হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় নেতা আছেন ২০ জন। ২ জন গুলিবিদ্ধ হয়েছে।”
মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলছিলেন কাদের।
সরকার উৎখাতে দেশে-বিদেশে ‘ষড়যন্ত্র চলছে’ দাবি করে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের বক্তব্যকেও বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। আদালতের রায় বল প্রয়োগের মাধ্যমে পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। এসবের পিছনে একটা মতলবি মহল আছে।"
২০১৮ সালে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোটা বাতিল করে জারি করা পরিপত্র হাই কোর্ট অবৈধ ঘোষণার প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা দুই সপ্তাহ ধরে টানা আন্দোলন চালিয়ে আসছে। এর মধ্যে রোববার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ জানিয়ে দেন, সরকারি চাকরিতে কোটার বিষয়টি আদালতেই ফয়সালা করতে হবে।
বক্তব্যের এক পর্যায়ে সরকারপ্রধান বলেন, “কোটা আন্দোলন করার আগে তো তাদের রেজাল্টগুলো দেখা উচিত ছিল যে- কোথায় তারা দাঁড়িয়েছে! দ্বিতীয়টি হচ্ছে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতি পুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতি পুতিরা (চাকরি) পাবে?
ধারাবাহিক আন্দোলনের মধ্যে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই বক্তব্য নিয়ে রোববার রাতে ব্যাপক প্রতিক্রিয়া দেখান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গভীর রাতে বিক্ষোভে নামেন। সেখানে স্লোগান দেওয়া হয়, ‘তুমি কে আমি কে, রাজাকার-রাজাকার; কে বলেছে কে বলেছ, স্বৈরাচার, স্বৈরাচার’।
এরপর সোমবার এরপর সোমবার পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে মাঠে নামে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সরকার সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগ।
এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে এবং পরে আন্দোলনকারীদের পিটিয়ে ছত্রভঙ্গ করে দেয় ছাত্রলীগ। পিটুনিতে আহত হয়ে প্রায় তিনশ শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যান, তাদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়।
এমনকি রাতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে গিয়ে কোটাবিরোধী আন্দোলনকারীদের মারধর করে হল থেকে বের করে দেওয়ার এবং শিক্ষার্থীদের ফেইসবুক যাচাই করার অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। এই ঘটনার পর মঙ্গলবার নিরাপত্তা শঙ্কায় হল ছাড়ছেন অনেক শিক্ষার্থী।
সংবাদ সম্মেলনে কোটা আন্দোলনের সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতার প্রতি ইঙ্গিত দিয়ে কাদের বলেন, "এর আগেও তারা (বিএনপি) সড়ক ও কোটা আন্দোলনের উপর ভর করে ফসল কুড়াতে চেয়েছিল রাজনৈতিকভাবে। সে ব্যর্থ চেষ্টার পর অনেক ষড়যন্ত্র করেছে। রাজনীতিতে অগ্নিসন্ত্রাস করেছে।এতে কত পুলিশ, গাড়র ড্রাইভার, নিরীহ যাত্রী হত্যা করেছে, পুড়িয়ে মেরেছে। তারা সে আন্দোলনেও ব্যর্থ হয়।”
তিনি বলেন, "আমরা এখনও বলছি কোটা সংস্কার আন্দোলন যা বাংলাদেশে চলছে এর নেতৃত্ব নিয়েছেন লন্ডনের দণ্ডপ্রাপ্ত তারেক রহমান। তার দল বিএনপি প্রকাশ্যে সমর্থন দিয়েছেন। একটি অরাজনৈতিক আন্দোলনকে সমর্থন দিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। তারেক রহমান প্রতিনিয়ত ২০১৪, ১৫, ১৮ এর মত রাজনৈতিক আন্দোলন করার জন্য বিভিন্ন অপশক্তিকে লেলিয়ে দিয়েছে। বিএনপি জামায়াতের পাশাপাশি কিছু সমমনা দলও এর সঙ্গে যুক্ত হয়েছে।"
‘সময়মত যথাযথ অ্যাকশন’
পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘সময়মত যথাযথ অ্যাকশন’ নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
কোটা আন্দোলন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আন্দোলনের নামে জনগণের কোনো প্রকার দুর্ভোগ সরকার কোনোভাবেই মেনে নেবে না। আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদের কোনো প্রকার অবমাননা আমরা বেঁচে থাকতে হতে দেব না।
"ধৈর্য্য ধরা মানে দুর্বলতা না। আজ আমরা জোর করে চড়াও হলে আপনারা কি প্রশ্ন করতেন? সময় মত সব কিছু দেখবেন। সময়মতো যথাযথ অ্যাকশন নেওয়া হবে।
সরকারের বিরুদ্ধে ২০১৮ সালের কিছু ‘গুজব’ রটানোর ঘটনা তুলে ধরে তিনি বলেন, "এ ধরনের গুজব ছড়িয়ে গণঅভ্যুথান ঘটনোর বৃথা চেষ্টা চলছে। আমরা গতকালের ঘটনার তীব্র নিন্দা জানাই।"
কোটা আন্দোলন নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলারের বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, "বাংলাদেশ সম্পর্কে তিনি যা বলেছেন, তার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। তারা অন্য দেশ সম্পর্কে, অন্য দেশের গণতন্ত্র সম্পর্কে মন্তব্য করার আগে আয়নায় নিজেদের চেহারাটা দেখে নিতে পারে না।”
কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা জানাতে গিয়ে দুজন নিহতের ভুল তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
সোমবার নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে পরারাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, “ঢাকা ও সারা বাংলাদেশে ব্যাপক ছাত্র বিক্ষোভের বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি, যেখানে দুজন নিহত এবং শত শত (আন্দোলনকারী) আক্রমণের শিকার ও আহত হয়েছেন।”
কোটা সংস্কার নিয়ে আদালতে চূড়ান্ত রায় না আসা পর্যন্ত আন্দোলনকারীদের ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছেন কাদের।
তিনি বলেন, “যারা এই আন্দোলনের মধ্য দিয়ে পরিবর্তনের আভাস পাচ্ছেন, তাদের এই দিবাস্বপ্ন কর্পুরের মতো অচিরেই উড়ে যাবে।”
এই আন্দোলনের সঙ্গে 'জনগণে সম্পৃক্ততা নেই' বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
