১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জামায়াতের সঙ্গে জোট: এবার এনসিপি ছাড়লেন মুশফিক

"এনসিপির ভবিষ্যৎ রাজনীতি যে গতিপথ দেখছি, তার সঙ্গে আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির পার্থক্য রয়েছে। তাই পদত্যাগ করেছি।"

জামায়াতের সঙ্গে জোট: এবার এনসিপি ছাড়লেন মুশফিক
মুশফিক উস সালেহীন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2026, 09:15 PM

Updated : 26 Aug 2026, 05:28 PM

জামায়াতের ইসলামীর সঙ্গে ‘নির্বাচনি’ জোট গঠন নিয়ে আপত্তি জানানোর পর এবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়লেন আরেক নেতা।

দলটির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৃহস্পতিবার বিকালে দলটির আহ্বায়কে কাছে তার পদত্যাগপত্র জমা দেন।

জামায়াতের সঙ্গে জোট বাঁধার ক্ষেত্রে এনসিপির ৩০ জন কেন্দ্রীয় নেতা শনিবার আপত্তি জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে স্মারকলিপি দিয়েছিলেন। সেখানে প্রথম স্বাক্ষরকারী হিসেবে মুশফিক উস সালেহীনের নাম ছিল।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এনসিপির ভবিষ্যৎ রাজনীতি যে গতিপথ দেখছি, তার সঙ্গে আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির পার্থক্য রয়েছে। তাই পদত্যাগ করেছি।"

এদিন দলটির আরেক নেতাও পদত্যাগ করেন। এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন ফেইসবুকে পোস্ট দিয়ে তার পদত্যাগের তথ্য দেন।

তার আগে বুধবার দলটির যুগ্ম আহ্বায়ক এবং পলিসি ও রিসার্চ উইংয়ের প্রধান খালেদ সাইফুল্লাহ পদত্যাগ করেন।

দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে লেখা এক চিঠিতে তিনি বলেন, “আমি এনসিপির সব পদ ও দায়িত্ব থেকে পদত্যাগ করছি।”

জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী আসন সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা আসে গত রোববার বিকেলে। সেদিন এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন।

তার আগের দিন পদত্যাগ করেন খালেদ সাইফুল্লাহর স্ত্রী তাসনিম জারা, যিনি দলটিরজ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিবের দায়িত্বে ছিলেন।

চব্বিশের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সামনের সারির নেতাদের দল এনসিপি রাজনীতিতে নতুন বন্দোবস্ত আনার প্রতিশ্রুতি দিয়ে গত বছরের ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করে।

জামায়াতের সঙ্গে তাদের নির্বাচনি জোট গড়ার সিদ্ধান্তকে রাজনীতির নতুন শক্তি হয়ে ওঠার সম্ভাবনার ইতি হিসেবে দেখছেন বিশ্লেষকদের কেউ কেউ।

সবশেষ দল ছাড়া মুশফিক উস সালেহীন এনসিপির মিডিয়া সেলের দায়িত্বে ছিলেন । সাংবাদিকদের সঙ্গে দলটির হোয়াটসঅ্যাপ গ্রুপে পদত্যাগের খবর দিয়ে তিনি বলেন, "এখন থেকে আমার কাছে এনসিপি সংক্রান্ত কোনো তথ্য বা আপডেট থাকবে না।"

পরবর্তীতে মিডিয়া সেলের দায়িত্ব কে নেবেন, তা দল ঘোষণা করবে জানিয়ে তিনি বলেন, সে পর্যন্ত মিডিয়া সেলের সহ-সম্পাদক জয়নাল আবেদীন শিশির এবং সদস্য মাহবুব আলম যোগাযোগের দিকটি দেখভাল করবেন।