১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দেশের মাটির স্পর্শ নিলেন তারেক রহমান

বিমানবন্দর থেকে বেরিয়ে এসে খোলা জায়গায় জুতে খুলে দেশের মাটি আর শিশির ভেজা ঘাসের স্পর্শ নেন তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2025, 02:24 PM

Updated : 10 Sep 2026, 12:57 PM

প্রায় ১৮ বছরের নির্বাসন ভেঙে দেশে ফেরার পর বিমানবন্দর থেকে বেরিয়ে প্রথমেই দেশের মাটির স্পর্শ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার বেলা ১১টা ৪৩ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটি ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা।

ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সেরে বিমানবন্দর থেকে বেরিয়ে এসে খোলা জায়গায় জুতো খুলে দেশের মাটি আর শিশির ভেজা ঘাসের স্পর্শ নেন তারেক রহমান। 

এ সময় এক টুকরো মাটি হাতে নিয়ে মাতৃভূমির স্পর্শ নিতে দেখা যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে।   

এরপর লাল-সবুজ পতাকার রঙে সাজানো একটি বাসে চড়ে নেতাকর্মীদের সঙ্গে পূর্বাচলের ৩০০ ফিট সড়কের পথে রওনা হন তিনি। সেখানে তাকে সংবর্ধনা দেওয়ার বড় আয়োজন হয়েছে। লাখো নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানস্থল পরিণত হয়েছে জনসমুদ্রে।