২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ঢাকায় শুক্রবার বিএনপির ‘কালো পতাকা মিছিল’

পরদিন একই কর্মসূচি হবে অন্যান্য মহানগরে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2023, 08:16 PM

Updated : 24 Aug 2023, 08:16 PM

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার ঢাকায় ‘কালো পতাকা মিছিল’ করবে বিএনপিসহ সমমনা জোটগুলো। পরদিন একই কর্মসূচি হবে অন্যান্য মহানগরে।

ঢাকায় বিএনপির গণমিছিল হবে দুটি। একটি হবে ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে, শ্যামলী লিংক রোড থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড পর্যন্ত। অন্যটি শুরু হবে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে, মহানগর দক্ষিণের উদ্যোগে মিছিলটি যাবে দয়াগঞ্জ পর্যন্ত।  

একই দাবিতে গণতন্ত্র মঞ্চ শাহবাগে, ১২ দলীয় জোট বিজয় নগরে, জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টনে, গণফোরাম ও পিপলস পার্টি আরামবাগে, এলডিপি পূর্ব পান্থপথে; লেবার পার্টি, গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া), সাধারণ ছাত্র অধিকার পরিষদ জাতীয় প্রেস ক্লাবে, গণঅধিকার পরিষদ (নূর) ফকিরাপুল কালভার্ট রোডে, এনডিএম মালিবাগে, গণতান্ত্রিক বাম ঐক্য সেগুনবাগিচায়, এবি পার্টি বিজয় নগরে শ্রমভবনের সামনে এবং জনতার অধিকার পার্টি মিছিল বিজয়নগর পানি ট্যাংকের কাছ থেকে কালো পতাকা মিছিল করবে।

গত ১২ জুলাই এক দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণার পর এ পর্যন্ত ঢাকায় মহাসমাবেশ, ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি, ঢাকায় গণমিছিল এবং মহানগরে গণমিছিলের কর্মসূচি হয়েছে। সর্বশেষ গত শুক্রবার ঢাকাসহ সারাদেশে গণমিছিল হয় বিএনপিসহ সমমনা জোটগুলো।