একটি পত্রিকার ‘ঘৃণ্য কাজে নির্লজ্জ সমর্থনে’ ফখরুল: কাদের
“বিএনপি কখনো এদেশের স্বাধীনতাই বিশ্বাস করে না। যারা স্বাধীনতার ৫২ বছর পরেও দেশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলে, প্রকৃতপক্ষে তাদের মানসিকতা এখনও পরাধীনতার শৃঙ্খলে বন্দি!”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘একটি পত্রিকার সুরে সুর মিলিয়ে ঘৃণ্য কাজকে নির্লজ্জ সমর্থন দিয়েছেন’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামান শামসকে আটকের প্রতিক্রিয়ায় ফখরুল যে মন্তব্য করেছিলেন, তাকে ‘দূরভিসন্ধিমূলক’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ হিসেবে বর্ণনা করে তারও নিন্দা জানান ক্ষমতাসীন দলের এই নেতা।
বৃহস্পতিবার আওয়ামী লীগের দপ্তর থেকে পাঠানো বিবৃতিতে এ কথা জানানো হয়।
কাদের বলেন, “সরকার যখন বৈশ্বিক সঙ্কট মোকাবিলা করে জনগণের ভাগ্যোন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, তখনই সঙ্কটকে পুঁজি করে কতিপয় চিহ্নিত মহল সরকারের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে ষড়যন্ত্র চালাচ্ছে।
“একটি পত্রিকার সুরে সুর মিলিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ঘৃণ্য কাজকে নির্লজ্জ সমর্থন দিয়েছেন, বাংলাদেশের রাজনীতিতে যা আওয়ামী লীগের প্রতি অন্ধবিদ্বেষ ও আক্রোশের বহিঃপ্রকাশ।”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “বিএনপি কখনো এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। যারা স্বাধীনতার ৫২ বছর পরেও দেশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলে, প্রকৃতপক্ষে তাদের মানসিকতা এখনও পরাধীনতার শৃঙ্খলে বন্দি।”
গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদনের জেরে বুধবার ভোরে পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে তুলে আনার অভিযোগ উঠে। পুলিশ দিনভর মুখে কুলুপ এঁটে রাখলেও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বৃহস্পতিবার জানান, শামসকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয় সিআইডি। পরে মামলা হলে গ্রেপ্তার দেখায়।
এদিন আদালতে তোলা হলে তরুণ এই সাংবাদিকের জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়।
শামসকে যেভাবে আটক করা হয়েছে, তার সমালোচনা করছেন সাংবাদিকরা। দেশের এবং আন্তর্জাতিক একাধিক সংগঠনও তার মুক্তির দাবি জানিয়েছে।
মির্জা ফখরুলও শামসকে এভাবে তুলে আনার সমালোচনা করেন বুধবার। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিআইডির কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, “এগুলো আপনার আরো ক্ষতি করছেন সরকারের। সাধারণ মানুষের কথা তুলে ধরার কারণে একজন সাংবাদিককে যদি হেনস্তা করতে হয়, সেটা কি সরকারকে কোনো প্লাস পয়েন্ট দিচ্ছে, কোনো ক্রেডিট দিচ্ছে? নো ওয়ে।”
‘অর্থনৈতিক মুক্তির সংগ্রাম চালাচ্ছেন শেখ হাসিনা’
ওবায়দুল কাদেরের বক্তব্যে উঠে আসে বৈশ্বিক পরিস্থিতি, পাশাপাশি তা মোকাবিলায় সরকারের পদক্ষেপ।
বিবৃতিতে তিনি বলেন, “করোনা মহামারির অভিঘাতের মধ্যে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনীতি একটি গভীর সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে, যার প্রকোপে সারা পৃথিবীতে আশঙ্কাজনক হারে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। মূল্যস্ফীতির চাপে বাংলাদেশের জনগণও কিছুটা কষ্টে আছে। মানুষের এই কষ্ট লাঘবের জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের জনবান্ধব ও খাদ্যবান্ধব কর্মসূচির পাশাপাশি সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”
বিএনপি ক্ষমতায় গিয়ে জনগণ ও দেশের উন্নয়নের জন্য কোনো কাজ করেনি বলেও দাবি করেন কাদের। বলেন, “সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করার লক্ষ্যে তার কন্যা শেখ হাসিনা নিরবচ্ছিন্নভাবে এ দেশের জনগণের অর্থনৈতিক মুক্তির সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।
“এক সময়ের ক্ষুধা-দারিদ্র্য মঙ্গা ও দুর্ভিক্ষপীড়িত বাংলাদেশ আজ সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আর্থ-সামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্যের ফলে বাংলাদেশ আজ বিশ্বসভায় এক বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে।”
দেশে এখন আর কেউ না খেয়ে থাকে না দাবি করে আওয়ামী লীগ নেতা বলেন, “অথচ বিএনপির সময় দেশের অবস্থা কী ছিল? মির্জা ফখরুল কি ভুলে গেছেন? তাদের শাসনামলে উত্তরবঙ্গে মঙ্গাপীড়িত মানুষ না খেতে পেয়ে কীভাবে ধুঁকে ধুঁকে মারা গেছে!
“বঙ্গবন্ধুকন্যার বহুমাত্রিক পদক্ষেপের ফলে দুর্বিষহ ক্ষুধার সেই অভিশপ্ত অন্ধকার থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশ। মির্জা ফখরুলরা তাদের সময়ের দুঃসহ ইতিহাস আড়াল করার জন্যই সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।”
