১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

জুলাই সনদে ‘জুলাই যোদ্ধাদের’ রাখার আহ্বান মঈন খানের

“এক রাতের মধ্যে হঠাৎ করে সব বিষয়ে দেশের সবাই ঐকমত্যে পৌঁছে যাবেন, এমন চিন্তা বাস্তবসম্মত নয়,” বলেন তিনি।

জুলাই সনদে ‘জুলাই যোদ্ধাদের’ রাখার আহ্বান মঈন খানের
ফাইল ছবি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2025, 11:49 PM

Updated : 26 Aug 2026, 02:30 PM

জুলাই আন্দোলনে আহতদের জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্তি করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। 

শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিএনপির এ নেতা বলছেন, “জুলাই সনদকে অর্থবহ করতে হলে সেখানে অবশ্যই ‘জুলাই যোদ্ধাদের’ স্বীকৃতি দিতে হবে।”

এদিন বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ এ সই করে ২৫টি দল। 

স্বাক্ষর অনুষ্ঠানের আগে দুপুরে রাষ্ট্রীয় স্বীকৃতি ও আইনি সুরক্ষার দাবিতে মঞ্চের সামনে অবস্থান নেন গেল বছরের জুলাই অভ্যুত্থানে আহতরা। 

পরে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রীয়াজ মঞ্চে এসে তাদের দাবি পূরণে জুলাই সনদে সংশোধনী আনার ঘোষণা দেন।

ওই প্রতিশ্রুতির পরও ‘জুলাই যোদ্ধারা’ অবস্থান কর্মসূচি অব্যাহত রাখলে পুলিশ ধাওয়া দিয়ে ও লাঠিপেটা করে সেখান থেকে তাদের সরিয়ে দেয়। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডও ব্যবহার করে পুলিশ।  

এ ঘটনাকে ‘অপ্রত্যাশিত’ মন্তব্য করে মঈন খান বলছেন, জুলাই সনদের মতো নথি নিয়ে গণতান্ত্রিক সমাজে মতবিরোধ থাকাটা স্বাভাবিক। 

“এক রাতের মধ্যে হঠাৎ করেই সব বিষয়ে দেশের সব মানুষ ঐকমত্যে পৌঁছাবেন, এমন চিন্তা বাস্তবসম্মত নয়। আর সেটাই যদি ঘটত, তাহলে আমরা বাকশালের মতো একদলীয় শাসনব্যবস্থায় ফিরে যেতাম।”