২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা আমিনুল ৮ দিনের রিমান্ডে

ফুটবলার থেকে রাজনীতিতে আসা দলটির এ নেতাসহ তিনজনকে ভোর রাতে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2023, 07:46 PM

Updated : 02 Nov 2023, 07:45 PM

ঢাকার পল্টন থানায় নাশকতার মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকসহ তিনজনকে জিজ্ঞাসাবাদে আট দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম নুরুল হুদা চৌধুরী তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এদিন সকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর গুলশানের একটি বাসা থেকে বৃহস্পতিবার ভোরে তাদের আটক করে নিয়ে গোয়েন্দা পুলিশ বলে অভিযোগ করেন।

পরে পুলিশ তাদের মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ ‌দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক ইউসুফ মিয়া। 

আসামিদের আইনজীবীদের একজন আবুল কালাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা জামিন চাইলেও তা না মঞ্জুর করে রিমান্ডের আদেশ দিয়েছেন বিচারক।

রিমান্ডে নেওয়া বাকি আসামিরা হলেন- ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ ও গোলাম কিবরিয়া।

মামলার এজাহারে বলা হয়, ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের সময় গ্রেপ্তার করা আসামিরাসহ এজাহারনামীয় পলাতক আসামিরা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা করে। নেতাদের উসকানিমূলক বক্তব্যে প্ররোচিত ও উৎসাহিত হয়ে প্রধান বিচারপতির বাসভবনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আক্রমণ করে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যরা দুষ্কৃতিকারীদের ধাওয়া দিলে তারা কাকরাইল মোড়ের দিকে আসে এবং সেখানে থাকা পুলিশ সদস্যদের উপর ইট-পাটকেল নিক্ষেপসহ বিভিন্ন দেশি অস্ত্র দিয়ে আক্রমণ করে।

এদিন সকালে রিজভী জানিয়েছিলেন, গুলশানে হোটেল আমারির উল্টো পাশের ভবন থেকে আমিনুল হক ও মিরাজকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে।

এর আগে পুলিশ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায় কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করে।

পুরনো খবর:

আমিনুলকে ‘নিয়ে গেছে’ পুলিশ: রিজভী