২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

কোটা আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরাই বীর মুক্তিসেনা: জি এম কাদের

“বর্তমান সরকারের আমলে বিভিন্ন প্রক্রিয়ায় দেশে বিভাজন সৃষ্টি করা হচ্ছে। এই বিভাজনের মাধ্যমে একটি সুবিধাভোগী গোষ্ঠী তৈরি করা হচ্ছে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2024, 08:52 PM

Updated : 10 Sep 2026, 12:11 PM

কোটাবিরোধী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের বীর মুক্তিসেনা বলে অভিহিত করেছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের।

মঙ্গলবার এক বিবৃতিতে, অহিংস কোটাবিরোধী আন্দোলনের প্রতি সমর্থন এবং যৌক্তিক আন্দোলনে সশস্ত্র বাধাদানের ঘটনার নিন্দা জানান জি এম কাদের। 

এছাড়া কোটাবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের অভিনন্দন জানিয়ে শিক্ষার্থীদের বীর মুক্তিসেনা বলেন তিনি। 

তিনি বলেন, “বর্তমান সরকারের আমলে বিভিন্ন প্রক্রিয়ায় দেশে বিভাজন সৃষ্টি করা হচ্ছে। এই বিভাজনের মাধ্যমে একটি সুবিধাভোগী গোষ্ঠী তৈরি করা হচ্ছে। কোটা পদ্ধতি সেই প্রক্রিয়ার একটি অংশ মাত্র।

“বর্তমান শাসক শ্রেণি, সরকারসৃষ্ট এই সুবিধাভোগী গোষ্ঠীর মাধ্যমে দেশের জনগণকে শাসন-শোষণ করে চলেছেন। সামনের দিনগুলোতেও এ উদ্দেশ্য আরো ব্যাপকভাবে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। তরুণ সমাজ এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করছে। সেই কারণে আমি তাদের বৈষম্য মুক্তির এ সংগ্রামের বীরযোদ্ধা বা বীর মুক্তিসেনা বলে মনে করছি।”

মুক্তিযোদ্ধাদের নাম ব্যবহার বা অপব্যবহার করে তাদের কলঙ্কিত করা হচ্ছে এবং এতে ভবিষ্যতে প্রকৃত মুক্তিযোদ্ধারা তাদের পরিচয় প্রকাশ করতে সংকোচ বোধ করতে পারেন বলে শংঙ্কা প্রকাশ করা হয় বিবৃতিতে।

এতে আরও বলা হয়, অযৌক্তিক জেদ কারো জন্যই মঙ্গল বয়ে আনবে না। তাই আন্দোলনকারীদের দাবিসমূহ নীতিগতভাবে মেনে নিয়ে পরবর্তী কি করনীয় তা আন্দোলনরত শিক্ষার্থীদের জানানো প্রয়োজন। অন্যথায়, দেশ ও আগামী প্রজন্ম একটি সংঘাতময় অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হবে।