১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার শোভাযাত্রা করার অনুমতি পেল আওয়ামী লীগ

বিজয় শোভাযাত্রা সোমবার করার কথা ছিল, কিন্তু কুয়েতের আমিরের মৃত্যুতে এদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় তা পিছিয়ে মঙ্গলবার করার ঘোষণা দেয় আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2023, 03:59 PM

Updated : 18 Dec 2023, 04:48 PM

মুক্তিযুদ্ধে বিজয়ের ৫৩তম বার্ষিকী উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগকে মঙ্গলবার রাজধানীতে শোভাযাত্রা করার অনুমতি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়েছে। 

“ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পত্রের মর্ম এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা প্রতিপালন ও সার্বিক আইন-শৃংখলা বজায় রাখার শর্তে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এর উদ্যোগে অনুষ্ঠেয় ১৯/১২/২০২৩ তারিখের বিকাল ২ ঘটিকায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (রমনা) থেকে মৎস্য ভবন, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি), শাহবাগ, এলিফ্যান্ট রোড হয়ে ধানমন্ডি ৩২ পর্যন্ত মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠানের অনাপত্তি জ্ঞাপন করা হল।” 

নির্বাচন আচরণবিধি বিবেচনায় নিয়ে ১৬ ডিসেম্বরের পরিবর্তে বিজয় দিবসের শোভাযাত্রা ১৮ তারিখ (সোমবার) করার কথা জানিয়েছে আওয়ামী লীগ। 

এজন্য ১৫ ডিসেম্বর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ রিটার্নিং কর্মকর্তার কাছে অনুমতি চাওয়ার পাশাপাশি ঢাকার পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়েছিল। 

তবে কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেওয়ায় শোভাযাত্রা পিছিয়ে মঙ্গলবারে নিয়ে যায় আওয়ামী লীগ।

আরও পড়ুন: 

পুরানো খবর:

কুয়েতের আমিরের মৃত্যুতে একদিন পেছাল আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা