Published : 18 Aug 2025, 12:30 PM
ছয় বছর আগে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ‘সরকারি কাজে বাধা ও বেআইনি সমাবেশের’ অভিযোগে পল্টন থানার মামলায় দণ্ডিত জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বাবুল সোমবার আইনজীবীর মাধ্যমে ঢাকার হাকিম আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিনের আবেদন করেন । শুনানি শেষে মহানগর হাকিম মো. সাইফুজ্জামান জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শহিদুল ইসলাম বাবুলের আইনজীবী সাদেকুল ইসলাম ভুঁইয়া (জাদু) বলেন, “আমরা উচ্চ আদালতে তার জামিন আবেদন করব। আশা করছি, আদালত তার জামিন মঞ্জুর করবেন।”
২০২৩ সালের ২৩ নভেম্বর শহিদুল ইসলাম বাবুলকে এ মামলার রায়ে এক ধারায় আড়াই বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি দুই হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।
আরেক ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয় তাকে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৩১ অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
কক্সবাজার সফর শেষে গুলশান যাওয়ার পথে দলের নেতাকর্মীরা পল্টন এলাকায় সরকারবিরোধী স্লোগান দেয়। ভিআইপি রোড বন্ধ করে ‘ভাংচুরের চেষ্টা’ চালায়।
ওই ঘটনায় পল্টন মডেল থানার তখনকার এসআই মোহাম্মদ ইব্রাহিম খলিল এ মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ১৯ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা একই থানার এসআই আতাউর রহমান।
মামলার সকল কার্যক্রম শেষে ২০২৩ সালের ২৩ নভেম্বর রায় দেয় আদালত।