Published : 22 Dec 2025, 02:14 PM
তফসিলের আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব ছাড়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা-১০ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সোমবার সকালে ধানমন্ডি থানার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
আসিফ মাহমুদ দুপুর সাড়ে ১২টায় ফেইসবুক পোস্টে বলেছেন, “ঢাকা ১০ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করলাম। সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী।”
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে জানিয়ে ইসি গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করে। এর আগের দিন অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এর পরপরই তার গণঅধিকার পরিষদে যোগ দেওয়ার গুঞ্জন ছড়িয়েছিল।
তবে ১২ ফেব্রুয়ারি আসিফ মাহমুদ বলেন, তিনি ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে চলেছেন।
সেদিন তিনি ফেইসবুকে লেখেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবো। আপনাদের সহযোগিতা ও সমর্থন কাম্য।”
ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান, হাজারীবাগ থানা নিয়ে ঢাকা-১০ আসন গঠিত। জুলাই গণঅভ্যুত্থানে আসিফের সহযাত্রীদের দল—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এ আসনে কোনো প্রার্থী দেয়নি। আর বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি।
উপদেষ্টা থাকা অবস্থায় নিজের ভোটার এলাকা কুমিল্লা থেকে ঢাকায় স্থানান্তর করতে গত ৯ নভেম্বর ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে গিয়েছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সেদিন তিনি বলেছিলেন, ঢাকার কোনো একটি আসন থেকে ‘স্বতন্ত্র’ প্রার্থী হিসেবে তার লড়াই করার ইচ্ছা রয়েছে।
ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ