লোডশেডিংয়ের আওতায় যেন সংসদও থাকে: শফিকুর রহমান
জ্বালানি সংকট মোকাবেলায় ১০ সদস্যের কমিটিতে পাঁচজনের নাম দিয়েছে বিরোধীদল।
ঢাকায় লোডশেডিংয়ের যে সিদ্ধান্ত হয়েছে, তার আওতায় জাতীয় সংসদ ভবন এলাকাও রাখার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
সংসদের বিরোধীদলীয় এই নেতা বলেছেন, “মেহেরবানি করে এটা যেন সংসদ থেকে শুরু হয়। লোডশেডিংয়ের আওতায় সংসদও যেন থাকে। যদি ঢাকার অন্য অংশে এক ঘণ্টা না থাকে, এখানেও যেন এক ঘণ্টা বিদ্যুৎ না থাকে।
“এখান থেকে শুরু হোক, তাহলে জনগণ বুঝবে বাংলাদেশকে আমরা সর্বজনীন হিসেবে গড়ে তুলতে চাচ্ছি।”
বৃহস্পতিবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এসময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিরোধীদলীয় নেতার উদ্দেশে বলেন, “সংসদ তো চালু রাখতে হবে। সংসদ বন্ধ করা যাবে না।”
জবাবে শফিকুর রহমান বলেন, তিনি সংসদের অধিবেশন নয়, সংসদ ভবনের অন্যান্য কার্যক্রমের কথা বলেছেন।
“আমি সংসদ ভবন বলেছি। সংসদের অধিবেশন বলি নাই। অধিবেশনের বাইরেও অনেক কর্মঘণ্টা আছে; আমি সেই কথাটাই বলেছি।”
জ্বালানি পরিস্থিতি নিয়ে বুধবার সংসদে সরকার ও বিরোধী দলের দীর্ঘ আলোচনার পর যৌথভাবে সমাধান খোঁজার প্রস্তাব দেন বিরোধীদলীয় নেতা।
এর জবাবে বৃহস্পতিবার সরকার ও বিরোধী দলের পাঁচজন করে সদস্য নিয়ে ১০ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব দেন সংসদ নেতা তারেক রহমান। একই সঙ্গে সরকারি দলের পক্ষ থেকে পাঁচজনের নামও ঘোষণা করা হয়।
পরে জ্বালানি পরিস্থিতি নিয়ে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ফসলের সেচে বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে ঢাকায় পরীক্ষামূলকভাবে ১১০ মেগাওয়াট লোডশেডিং করা হবে।
সেই ঘোষণার পরই সংসদ ভবনকেও লোড ম্যানেজমেন্টের আওতায় আনার প্রস্তাব তোলেন বিরোধীদলীয় নেতা। কথা বলেন ১০ সদস্যের কমিটি নিয়েও।
শফিকুর রহমান বলেন, “মাননীয় সংসদ নেতাকে ধন্যবাদ জানাই। তিনি এটাকে কগনিজেন্সে নিয়েছেন এবং একটা কনক্রিট প্রস্তাবও পেশ করেছেন। কমিটির সদস্য সংখ্যাও তিনি প্রস্তাব করেছেন এবং সরকারি দলের পক্ষ থেকে পাঁচজনের কথা এখানেই পরিষ্কার ঘোষণা করেছেন।”
এরপর বিরোধী দলের পক্ষ থেকে তিনি পাঁচ সদস্যের নাম ঘোষণা করেন। তারা হলেন, ঢাকা-১২ আসনের সাইফুল আলম মিলন, ঢাকা-১৬ আসনের আবদুল বাতেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. নূরুল ইসলাম, কুমিল্লা-৪ আসনের এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ) এবং খেলাফত মজলিশের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান (সিলেট-৫)।
