১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শ্রমিক দলের ১২ দফা, মে দিবসে সমাবেশ

ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চল থেকে শ্রমিকরা এই সমাবেশে অংশ নেবেন, বলেন রিজভী।

শ্রমিক দলের ১২ দফা, মে দিবসে সমাবেশ
ঢাকার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্ত্য রাখেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2025, 04:57 PM

Updated : 26 Aug 2026, 12:37 PM

মে দিবসে ঢাকায় ‘শ্রমিক সমাবেশ’ করবে জাতীয়তাবাদী শ্রমিক দল, সেখানে তাদের ১২ দফা দাবি তুলে ধরা হবে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ২টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ হবে।

“ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে আমরা বিষয়টি অবহিত করেছি।”

রিজভী বলেন, “শ্রমিক দলের পক্ষ থেকে রাজধানীতে শ্রমিক দলের ১২ দফা দাবির লিফলেট বিতরণ করা হচ্ছে, প্রচার-প্রচারণা চলছে। ব্যানার-ফেস্টুন করা হয়েছে।”

শ্রমিক দলের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বলে তুলে ধরেন তিনি।

রিজভী বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খান বক্তব্য রাখবেন।

ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চল থেকে শ্রমিকরা এই সমাবেশে অংশ নেবেন, বলেন তিনি।

সংবাদ সম্মেলনে সারা দেশের শ্রমিকদের চিত্র তুলে ধরে রিজভী বলেন, “শ্রমজীবী মানুষের আয় দিন দিন কমে যাচ্ছে। গ্যাস বিদ্যুতের অভাবে কলকারখানা বন্ধ হচ্ছে। এখনও প্রতিদিন শ্রমিক ছাঁটাই চলছে, বেকার হচ্ছে হাজার হাজার শ্রমিক। শ্রমিকের জীবনে অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নেই।”

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরির কথা তুলে ধরে রিজভী বলেন, “শ্রমিক সমাজের এখন বেঁচে থাকাই কষ্টকর হয়ে গেছে।”

‘অগণতান্ত্রিক’ শ্রম আইনে মালিক পক্ষের স্বার্থকে ‘প্রাধান্য’ দেওয়ায় শ্রমিক সমাজ হয়রারিসহ নানা অসুবিধার সম্মুখীন হচ্ছে দারি করেন রিজভী। তিনি বলেন, “বিগত ফ্যাসিস্ট আমলে শ্রমিকদের সংগঠিত হওয়া ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার থেকে দূরে ঠেলে দেওয়া হয়েছিল। অত্যাবশ্যকীয় পরিসেবা বিল ২০২৩ এর মাধ্যমে শ্রমিক কর্মচারীদের দাবি উত্থাপনের অধিকারকে আইন করে বন্ধ কারার ব্যবস্থা করা হয়েছে।”

বিগত সরকারের ‘লুটপাট ও দুর্নীতির কারণে’ সরকারি পাট ও চিনিকল বন্ধ করে দিয়ে হাজার হাজার শ্রমিককে পথে বসানো হয়েছে বলে দাবি করেন বিএনপির এই নেতা।

তার দাবি, প্রচলিত নিয়মে পাঁচবছর পর পর নূন্যতম মজুরি ও জাতীয় বেতন স্কেল ঘোষণা হয়ে থাকলেও বিগত শেখ হাসিনা সরকারের সময়ে ১০ বছরের বেশি সময় ধরে ঘোষণা করা হয়নি।

আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক সমাবেশে বিএনপি শ্রমিকদের দাবি-দাওয়া তুলে ধরবে, বলেছেন রিজভী।

ঢাকার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, সভাপতি আনোয়ার হোসাইন, বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, ফিরোজ-উজ জামান মামুন মোল্লা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু উপস্থিত ছিলেন।