হয়েছে তো ‘মাইনাস ওয়ান’: ফখরুল
বাংলাদেশে জাতীয়তাবাদ ও গণতন্ত্র বিশ্বাসীদের মাইনাস করতেই দেশে ১/১১ ঘটানো হয় বলেও দাবি ফখরুলে।
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের ‘ওয়ান-ইলেভেন’র কথা তুলে ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার উদ্দেশ্য ছিল খালেদা জিয়াসহ বিএনপিকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া।
বাংলাদেশে জাতীয়তাবাদ ও গণতন্ত্র বিশ্বাসীদের ‘মাইনাস’ করতেই দেশে ওয়ান-ইলেভেন ঘটানো হয় বলে দাবি করেন তিনি।
শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন, “ওয়ান-ইলেভেনের সময়ে একটা কথা নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা, ‘মাইনাস টু’ বলে একটা কথা খুব প্রচার হয়েছিল। মাইনাস টু তো হয়নি, হয়েছে মাইনাস ওয়ান।”
তখন তারেক রহমানকে গ্রেপ্তারের প্রসঙ্গ ধরে তিনি বলেন, “তারেক রহমান সাহেবকে ওই সময়ে যে বন্দি করা হয়েছিল, ওইটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এটা ছিল সামগ্রিকভাবে এদেশের ১৮ কোটি মানুষের মুক্তির যে স্বপ্ন রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সেই স্বপ্নকে সেদিন বন্দি করা হয়েছিল।
“সেটা তারই চক্রান্তের অংশ। যে চক্রান্তের অংশ হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল, যে চক্রান্তের অংশ হিসেবে নয় বছর স্বৈরাচার এদেশের জনগণের ওপরে নির্যাতন-অত্যাচার করেছে, যে চক্রান্তের অংশ হিসেবে ১/১১ ঘটেছে।”
তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরামের যৌথ উদ্যোগে এই আলোচনাসভা হয়। জরুরি অবস্থা জারির পর ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে যৌথবাহিনী গ্রেপ্তার করেছিল। ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডন যান তিনি। তিনি এখনও সেখানেই রয়েছেন।
ফখরুল বলেন, “লক্ষ্যটি ছিল যে, এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে কথা যারা বলে, যারা মাথা উঁচু করে দাঁড়াতে চায়, নিজের পায়ের উপর দাঁড়িয়ে এবং যারা বাংলাদেশকে সেভাবে দাঁড় করাতে চায়, তাদের নিশ্চিহ্ন করতে হবে।
“সেই কারণেই প্রথম থেকে যে কাজটা ছিল তাদের ওপরে যে, এই সমস্ত নেতা যারা জনপ্রিয়, যারা জনগণকে সংগঠিত করতে পারে, যাদের কথায় জনগণ একত্রিত হয়, সেই নেতাদেরকে নিশ্চিহ্ন করতে হবে।”
তারেক রহমানের সাংগঠনিক দক্ষতার প্রশংসা করে বিএনপি মহাসচিব বলেন, “২০০৬ সালের আগে থেকে তিনি যে তৃণমূলে সংগঠনের সম্মেলনগুলো করছিলেন, ওই সম্মেলনের মধ্য দিয়ে তিনি বিএনপিকে একেবারে মাঠ পর্যায়ে নিয়ে যাওয়ার কাজটা শুরু করে দিয়েছিলেন।
“তার অনেকগুলো বক্তব্য ওই সময়ে … তিনি কীভাবে দেশকে দেখতে চান, তিনি কীভাবে দেশের অর্থনীতি পরিবর্তন করতে চান, তিনি কীভাবে দেশের আর্থ-সামাজিক পরিবর্তন আনতে চান- এই কথাগুলো তিনি কিন্তু তখন থেকে বলে আসছিলেন। তার একটা অসাধারণ সাংগঠনিক দক্ষতা আছে।”
দেশের বর্তমান চিত্র তুলে ধরে ফখরুল বলেন, “আমরা এদেশের মানুষ তেল-ডাল-লবণের দাম বৃদ্ধির প্রতিবাদে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে যখন আন্দোলন শুরু করেছে, সেই সময়ে ওরা (সরকার) আঘাত হানতে শুরু করেছে।”
“ওরা চেষ্টা করছে এই আন্দোলনটাকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য এবং তারা আবারও আগের মতো আগুন সন্ত্রাস, ওমুক সন্ত্রাস দিয়ে ভিন্নভাবে প্রবাহিত করে .. গতকাল বলেই ফেলেছে তথ্যমন্ত্রী যে, আমরা (আওয়ামী লীগ) বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের চিত্র নিয়ে বর্হিবিশ্বে যাব।”
বহির্বিশ্ব সরকারের ‘প্রোপাগান্ডা’ মানছে না দাবি করে তিনি বলেন, “ইতোমধ্যে প্রমাণিত হয়ে গেছে র্যাবকে স্যাংশন দেওয়ার মাধ্যমে এবং আইজি বেনজির আহমদকে স্যাংশন দেওয়ার মাধ্যমে যে, এখানে তাদের যে প্রচারণা সেই প্রচারণাগুলো সঠিক নয়।
“সেজন্য আমাদেরকে সব পদক্ষেপ খুব সর্তকভাবে নিতে হবে। আমরা যেন নতুন কোনো চক্রান্তের মধ্যে পড়ে না গিয়ে... আমরা যদি আবার সুযোগ করে দেই আমাদেরকে দমন করা।”
দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
এ সময় তিনি বিএনপির বিভিন্ন সমাবেশে অংশ নিয়ে যারা নিহত হন তাদেরকে স্মরণ করে বলেন, “নুরে আলম, আব্দুর রহিম, শাওন প্রধানের আত্মত্যাগ কোনো মতেই বৃথা যেতে দেওয়া হবে না।”
বাংলাদেশ ছাত্র ফোরামের উপদেষ্টা মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলিমের সঞ্চালনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় নেতা শাম্মী আখতার, শামা ওবায়েদ, তাইফুল ইসলাম টিপু, মোরতাজুল করীম বাদরু, মোস্তাফিজুর রহমান, ফজলুর রহমান খোকন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী সভায় বক্তব্য দেন।
