কোনো সাধারণ শিক্ষার্থীকে গ্রেপ্তার-নির্যাতন করা হয়নি: কাদের
“যারা সন্ত্রাস ও সহিংসতায় সরাসরি জড়িত ছিল, শুধু তাদের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হচ্ছে,” বলেন তিনি।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী কোনো সাধারণ শিক্ষার্থীকে গ্রেপ্তার বা নির্যাতন করেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার এক বিবৃতিতে তিনি বলেছেন, “যারা সন্ত্রাস ও সহিংসতায় সরাসরি জড়িত ছিল, শুধু তাদের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হচ্ছে। অথচ আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে সাধারণ শিক্ষার্থীদের উস্কানি দেওয়া হচ্ছে। সাইবার সন্ত্রাসীরা আন্তর্জাতিক গণমাধ্যমে ভুল তথ্য ও ভুয়া ছবি পাঠিয়ে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”
সহিংসতার অভিযোগে গ্রেপ্তারদের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘বিভ্রান্তিকর ও উস্কানিমূলক’ বক্তব্য দিচ্ছেন দাবি করে কাদের বলেন, “বিএনপি নেতৃবৃন্দ কোমলমতি শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে বর্তমান সরকারকে নিশানা করেছে। বারবার প্রত্যাখ্যাত হয়ে ক্ষমতা দখলের জন্য ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টি তাদের এখন একমাত্র কৌশল।
“যেকোনো আন্দোলন দেখলেই তারা সেখানে অনুপ্রবেশ করে সরকারবিরোধী আন্দোলনে রূপ দিতে উন্মত্ত হয়ে ওঠে। শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে আন্দোলন করেছে এবং সরকার তাদের সকল দাবি পূরণ করেছে। অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন সরকারের পদত্যাগ দাবি করছেন। সরকারের পদত্যাগের দাবি শুধুমাত্র সরকারবিরোধী বা দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াতের। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সরকার পরিবর্তন কেবল জনরায়ের মাধ্যমেই সম্ভব।”
শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের কোটা আন্দোলন গত ১৬ জুলাই সহিংস রূপ পাওয়ার পর এ পর্যন্ত দুই শতাধিক মৃত্যুর খবর সংবাদমাধ্যমে এসেছে। তবে সরকারের তরফ থেকে রোববার পর্যন্ত ১৪৭ জনের মৃত্যুর তথ্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে এই হিসাবকে ‘গ্রহণযোগ্য নয়’ বলে দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার আগেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করে বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছেন। বিএনপি-জামায়াত যেকোনো প্রকারে ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে।
“আইনশৃঙ্খলা বাহিনী সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ সকল সন্ত্রাসের ঘটনার মদদদাতা, অর্থের জোগানদাতাদের চিহ্নিত করেছে এবং তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে।”
