Published : 05 Jan 2025, 06:17 PM
বিএনপির প্রবীণ নেতা, সাবেক সংসদ সদস্য এস এ খালেক মারা গেছেন; তার বয়স হয়েছিল ৯৭ বছর।
তার ছোট ছেলে এস এ সিদ্দিক সাজু জানান, অসুস্থতার কারণে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তার বাবা। রোববার বিকাল সাড়ে ৩টায় সেখানেই তিনি মারা যান।
“বাবা দীর্ঘদিন ধরে বাধ্যর্ক্যজনিত নানা জটিলতার চিকিসার মধ্যে ছিলেন। গত বুধবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।”
ঢাকার মিরপুর আসনের পাঁচবারের সংসদ সদস্য এস এ খালেক অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সহ-সভাপতি ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, সোমবার বেলা ১২টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং দুপুর ২টায় মিরপুর বাঙলা কলেজ প্রাঙ্গণে এস এ খালেকের জানাজা হয়। পরে গাবতলী মিরপুর শাহী মসজিদের পাশে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হবে।
এস এ খালেকের মৃত্যুর কিছুক্ষণ আগে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বিএনপি চেয়ারপারসসেনর উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম তার সঙ্গে ছিলেন।
জিয়াউর রহমানের আমলে বিএনপিতে যোগ দেওয়া এস এ খালেক ১৯৭৯ সালের সংসদ নির্বাচনে তৎকালীন ঢাকা-১৪ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এইচ এম এরশাদের আমলে তিনি যোগ দেন জাতীয় পার্টিতে।
সে সময় অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন খালেক। ১৯৮৬ ও ১৯৮৮ সালের সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির মনোনয়নে ঢাকা-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনের আগে বিএনপিতে ফিরে আবার সংসদ সদস্য নির্বাচিত হন এস এ খালেক।
সবশেষ ২০০১ সালের নির্বাচনে ঢাকা-১১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে তিনি সংসদে যান।
এস এ খালেকের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু আলাদা বিবৃতিতে শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।