Published : 17 Nov 2025, 07:19 PM
দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে আহ্বায়ক করে ঢাকা মহানগর উত্তরের কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।
সোমবার দলের সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত চিঠিতে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সাবেক ছাত্রদল নেতা সর্দার আমিরুল ইসলামকে এই কমিটিতে সদস্য সচিব হিসাবে রাখা হয়েছে। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসাবে রয়েছেন এনসিপি নেতা মোস্তাক আহমেদ শিশির।
নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করার আগে সারা দেশে জেলা, উপজেলা, মহানগর পর্যায়ে প্রতিনিধি কমিটি করেছিল এনসিপি। সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসাবে সেই কমিটিগুলোকে আহ্বায়ক কমিটি হিসাবে রূপ দেওয়া হচ্ছে।
নতুন আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্য দায়িত্ব পালন করবে বলে দাপ্তরিক আদেশে জানান হয়েছে।