২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার উপায় নিয়ে ফখরুল-হাইকমিশনার বৈঠক

“তাদের মূল বক্তব্য হচ্ছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চান”, বলেন বিএনপি নেতা।

ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার উপায় নিয়ে ফখরুল-হাইকমিশনার বৈঠক
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2024, 06:46 PM

Updated : 26 Aug 2026, 10:31 AM

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক কীভাবে আরও গভীর করা যায়, সে বিষয় নিয়ে ঢাকায় দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক করেছেন।

রোববার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। 

বিকাল ৪টায় ভারতীয় হাই কমিশনারের গাড়ি কার্যালয়ে প্রবেশ করে। এরপর দুই পক্ষে কথা হয় ঘণ্টাখানেক। 

বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘‘বাংলাদেশের সাথে যে সম্পর্ক সেই সম্পর্ক আরও কীভাবে গভীর করা যায়, দৃঢ় করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের যে সমস্যাগুলো রয়েছে ভারতের সাথে বাংলাদেশের আমরা সেগুলো তুলে ধরেছি।”

বিএনপির পক্ষ থেকে বলা হয়, দুই দেশের অভিন্ন নদীর পানি বণ্টন ও সীমান্ত হত্যা বন্ধ করা প্রয়োজন। নিরাপত্তার প্রসঙ্গও এসেছে বলে জানিয়েছেন ফখরুল।

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি বিএনপি মহাসচিব।

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি বিএনপি মহাসচিব।

ভারতের পক্ষ থেকে কী বার্তা দেওয়া হয়েছে, এই প্রশ্নে ফখরুল বলেন, “তারা (ভারতীয় হাইকমিশনার) বলেছেন যে এই বিষয়গুলোতে সজাগ, তারা চেষ্টা করছেন দ্রুততার সাথে সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়।

“তাদের মূল বক্তব্য হচ্ছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চান। বিশেষ করে এই পরিবর্তনের পরে (আওয়ামী লীগ সরকারের পতন) নতুন যে অন্তবর্তীকালীন সরকার আছে তাদের সঙ্গে তারা ইতিমধ্যে যোগাযোগ করেছেন… কথা বলেছেন। রাজনৈতিক দল হিসেবে আমাদের সঙ্গে… আমাদের সঙ্গেও তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলো সম্পর্ক সেটা দৃঢ় করতে চান। এই সম্পর্কের মধ্যে কী করে আরও সুস্থতা, আরও ইতিবাচকতা কী করে নিয়ে আসা যায় সেটা নিয়ে তারা কাজ করতে আগ্রহী।”

বৈঠকে ভারতীয় দূতের সঙ্গে ছিলেন উপ-হাইকমিশনার প্রভন বাধে।

বিএনপি মহাসচিবের সাথে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

কুটনীতিকদের সঙ্গে বৈঠকগুলোতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বরাবর অংশ নিয়ে থাকেন। তবে বৃহস্পতিবার তিনি যুক্তরাষ্ট্র সফরে গেছেন।