সরকারকে ধাক্কা দিতে গিয়ে বিএনপিই পড়ে গেছে: হাছান
“বিএনপি হারিকেন নিয়ে মিছিল করেছে। তারা আবার হারিকেন ধরে মুসলিম লীগ হতে চায় কি না?”
সরকারকে ‘ধাক্কা’ দিতে গিয়ে বিএনপি ‘পড়ে গেছে’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
রোববার সচিবালয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নবনির্বাচিত পরিষদের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সরকারকে ধাক্কা মেরে ফেলে দেওয়া বাকি- বিএনপি নেতাদের এমন মন্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে হাছান মাহমুদ বলেন, “আওয়ামী লীগ সরকার অনেক শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে। আপনারা জানেন যে, কোনো শক্ত দেয়ালে যদি কেউ ধাক্কা দেয় সে নিজেই পড়ে যায়, দেয়াল কিন্তু নড়েও না কিংবা সেই দেয়ালে যদি কেউ মাথা ঠোকে, তাহলে মাথা ফেটে যায়।
“…আসলে আওয়ামী লীগ সরকারকে ধাক্কা দিতে গিয়ে বিএনপি ইতিমধ্যেই পড়ে গেছে। সুতরাং আবার যদি ধাক্কা দিতে যায় তখন আবার পড়ে যাবে, মাথাও ফেটে যেতে পারে।”
লোড শেডিংয়ের জন্য সরকারের দুর্নীতি দায়ী- বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাব দিতে গিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান বলেন, “সমগ্র পৃথিবীতে আজকে বিদ্যুতের জন্য, জ্বালানির জন্য হাহাকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে জার্মানিতে কখনও বিদ্যুৎ যায়নি, সেখানে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য জনগণকে আহ্বান জানানো হয়েছে এবং পানি গরম করার বিদ্যুৎ বন্ধ রয়েছে।
“আমেরিকায় বিদ্যুৎ সাশ্রয়ের জন্য নাগরিকদের কাছে এসএমএস করা হয়েছে। ফ্রান্সেও একই আহ্বান জানানো হয়েছে। অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলস এবং সিডনিতে দু’ঘণ্টা করে লোড শেডিং হয়েছে। স্পেনে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন টাই না পরার জন্য, কারণ টাই পরলে গরম লাগবে, গরম লাগলে এসি বেশি চালাতে হয়।”
বিদ্যুৎ উৎপাদনের উপকরণ জ্বালানির দাম বেড়ে গেছে জানিয়ে তিনি বলেন, “উন্নত দেশে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আমাদের দেশেও সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা আশা করছি, ডিসেম্বর নাগাদ এ অবস্থা আর থাকবে না।”
হাছান মাহমুদ বলেন, “বিএনপি এগুলো বোঝে, বুঝেও তারা এরকম কথা বলে। বিএনপির তো এ নিয়ে কথা বলার সুযোগ নাই। কারণ তারা তো মানুষকে বিদ্যুৎ দিতে পারে নাই। মানুষ যখন বিদ্যুতের দাবি করেছে, তখন গুলি করে তাদের হত্যা করেছে।
“বিদ্যুৎ তারা দিতে পারেনি কিন্তু তারেক জিয়ার প্রতিষ্ঠানে উৎপাদিত বিদ্যুতের খাম্বা লাগিয়েছে সারাদেশে। দেখলাম তারা হারিকেন নিয়ে মিছিল করেছে। এর অর্থ দু’টি হতে পারে। একটি হচ্ছে হারিকেন মার্কার মুসলিম লীগ মিলিয়ে গেছে, এখন তারা আবার হারিকেন ধরে মুসলিম লীগ হতে চায় কি না? আরেকটি হচ্ছে, হারিকেনকে যে কোনো সময় পেট্রোল বোমা বানিয়ে ফেলা যায়।”
