খালেদার ‘জন্মদিন’ পালনে বুধবার বিএনপির দোয়া
জাতীয় শোক দিবসের দিন আনুষ্ঠানিক কোনো কর্মসূচি না রেখে পরদিন দোয়া মাহফিল করার ঘোষণা দিল বিএনপি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘জন্মদিন’ পালনে এবং তার সুস্থতা কামনায় বুধবার সারা দেশে দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে তার দল।
কেন্দ্রীয়ভাবে বুধবার বেলা ১১টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল হবে বলে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তার দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনায় এই মিলাদ মাহফিল হবে। সারা দেশে জেলা-উপজেলায় তার দ্রুত আরোগ্য কামনায় এই মিলাদ হবে।”
দুর্নীতি মামলায় দণ্ডিত সাবেক এই প্রধানমন্ত্রী বর্তমানে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্ত। নানা শারীরিক অসুস্থতা নিয়ে বর্তমানে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
গত আড়াই দশক ধরে খালেদা জিয়া ১৫ অগাস্ট তার জন্মদিন পালন করে আসছেন, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে সমালোচনা রয়েছে। গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও জাতীয় শোক দিবসের দিন আনুষ্ঠানিক কোনো কর্মসূচি না রেখে পরদিন দোয়া মাহফিল করার ঘোষণা দেওয়া হল।
বিভিন্ন নথিতে তার আরো জন্মদিনের হদিস পাওয়ায় কোনটি খালেদা জিয়ার প্রকৃত জন্মদিন তা নিয়ে বিতর্ক বহুদিনের। তার জন্মসাল নিয়েও কয়েক রকম তথ্য মিলেছে এর আগে।
এ বিষয়ে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২১ সালের জুনে বিএনপি চেয়ারপারসনের জন্মদিন সংক্রান্ত নথি দাখিলের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট।
খালেদা জিয়ার জন্মদিন হিসেবে পাঁচটি তারিখ ব্যবহার করার কথা সেসময় ওই রিট আবেদনে তুলে ধরা হয়েছিল।
বলা হয়েছিল, তার এসএসসির নম্বরপত্রে জন্ম তারিখ ৫ সেপ্টেম্বর ১৯৪৬। বিবাহ নিবন্ধনে জন্ম তারিখ লেখা রয়েছে ৯ অগাস্ট ১৯৪৪। ২০০১ সালে নেওয়া তার মেশিন রিডেবল পাসপোর্টে জন্ম তারিখ ৫ অগাস্ট ১৯৪৬। আর ২০২১ সালের মে মাসে করোনাভাইরাস পরীক্ষার প্রতিবেদনে জন্ম তারিখ লেখা হয় ৮ মে ১৯৪৬। তিনি জন্মদিন পালন করেন ১৫ অগাস্ট, জাতীয় শোক দিবসে।
বিএনপির ওয়েবসাইটে বলা হয়েছে, ১৯৪৫ সালের ১৫ অগাস্ট দিনাজপুরে খালেদা জিয়া জন্মগ্রহণ করেন। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে খালেদা জিয়া চতুর্থ। বাবা এস্কান্দর মজুমদার, মা বেগম তৈয়বা মজুমদার। পৈত্রিক নিবাস ফেনীর ফুলগাজী হলেও তার শৈশব-কৈশোর কেটেছে দিনাজপুরে বাবার কর্মস্থলে।
১৯৮১ সালের ৩০ মে স্বামী সাবেক সামরিক শাসক জিয়াউর রহমান নিহত হওয়ার পর রাজনীতির অঙ্গনে পা রাখেন গৃহবধূ খালেদা। প্রথমে দলের ভাইস চেয়ারম্যান এবং ১৯৮৪ সালে দলের চেয়ারপারসন নির্বাচিত হন তিনি।
১৯৯১ থেকে ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৬ মেয়াদে দুই দফা বিএনপি সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন খালেদা জিয়া।
বিএনপি নেতাকর্মীরা এক সময় ১৫ অগাস্ট ঘটা করে কেক কেটে তাদের নেত্রীর জন্মদিন পালন করতেন। তবে ২০১৬ সালে থেকে তারা শোক দিবসের দিন দলীয়ভাবে কোনো কর্মসূচি না দিয়ে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের ১৯৭৫ সালের যে দিনে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, খালেদা জিয়া উদ্দেশ্যমূলকভাবে সেই দিনটি তার জন্মদিন পালনের জন্য বেছে নিয়েছেন বলে আওয়ামী লীগ নেতাদের অভিযোগ।
বিএনপি নেতারা বিষয়টি অস্বীকার করে এলেও তাদের নেত্রীর একাধিক জন্মদিনের ইতিহাস নিয়ে কোনো সদুত্তর কখনো দিতে পারেননি।
মঙ্গলবার বিএনপির তরফ থেকে কোনো কর্মসূচি না থাকলেও জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে বিকালে শাহজাহানপুরে সংগঠনটির সভানেত্রী আফরোজা আব্বাসের বাসায় মিলাদ হয়। সেখানে খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন নেতাকর্মীরা।
