২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বছরে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান তারেকের

“আমাদের হয়ত আরও কষ্টের পথ অতিক্রম করতে হবে”, পৃথক বিবৃতিতে বলেন বিএনপি মহাসচিব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2024, 08:48 PM

Updated : 26 Aug 2026, 11:15 AM

নতুন বছর উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশবাসীকে কাজ শুরুর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, “খৃষ্টীয় নববর্ষ উপলক্ষে আমি দেশ-বিদেশের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

“নতুন বছরে আমরা দেশের সামগ্রিক রূপান্তরের একটি পর্বে উপনীত হতে পারব বলে আশা রাখি। অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আসুন আমরা রাষ্ট্র ও সমাজে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে একযোগে কাজ করি।”

তারেক রহমান বলেন, “গেল বছরটি আমাদের মনে জাগরূক হয়ে থাকবে। গত বছর বেশ কিছু তিক্ত অভিজ্ঞতা, ছাত্র-জনতার আত্মদান ও অধিকার হারানোর যন্ত্রণা নতুন বছরে আমাদের একদিকে যেমন বেদনার্ত করবে, অন্যদিকে নতুন উদ্যোমে শান্তি, সম্প্রীতি ও বহুদলীয় গণতন্ত্রের অধিকার ফিরে পাওয়ার সম্ভাবনায় উদ্বুদ্ধ করবে।

“আজকের দিনে আমাদের অঙ্গীকার হবে— জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা; রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ শক্তিশালী করা এবং অর্থনীতির পুনরুদ্ধারসহ বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবনে একযোগে কাজ করা।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “গণবিরোধী পরাজিত শক্তি এতদিন জনগণের সব অধিকার বন্দি করে রেখেছিল। এমন অবস্থায় সব গণতান্ত্রিক শক্তির মিলিত প্রচেষ্টায় বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ শুরু করতে হবে।

“গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য বাংলাদেশের সংগ্রামী মানুষকে অগ্রণী ভূমিকা পালনের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি।”

এদিকে নতুন বছর উপলক্ষে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমাদের হয়ত আরও কষ্টের পথ অতিক্রম করতে হবে; প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে। 

“রাষ্ট্র ও সমাজে গণতন্ত্রের চর্চা এবং বিকাশ সাধনে আমাদের আরও বেশি তৎপর হতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে- নতুন বছরে এই হোক আমাদের অঙ্গীকার।”