১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মোহাম্মদপুরে ওয়ার্ড বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মোহাম্মদপুরের সন্ত্রাসী গ্রুপগুলোর মধ্যে উত্তেজনা চলছে। গত সাত দিনে মোহাম্মদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মোহাম্মদপুরে ওয়ার্ড বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল; এখানেই মৃত্যু হয়েছে আহত ওই ব্যক্তির। ফাইল ছবি

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2024, 11:24 PM

Updated : 26 Aug 2026, 10:32 AM

রাজধানীর মোহাম্মদপুরে বিএনপির ওয়ার্ড পর্যায়ের দুই নেতাকে কুপিয়ে গুরুতর আহত করেছে একদল অস্ত্রধারী। 

আহতদের মধ্যে মান্নান হোসেন শাহীন (৫০) মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি। আর মো. রিয়াজ (৩৫) একই ওয়ার্ডের লাউতলা ইউনিটের নেতা। তারা দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোহাম্মদপুর চাঁদ উদ্যানের কাছে মান্নানের অফিসে তাদের ওপর হামলা চালানো হয়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মোহাম্মদপুরের সন্ত্রাসী গ্রুপগুলোর মধ্যে উত্তেজনা চলছে। গত সাত দিনে মোহাম্মদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, আহত দুজনের মধ্যে মান্নানের অবস্থা আশঙ্কাজনক। রিয়াজ মাথায় আঘাত পেলেও শঙ্কামুক্ত। 

আহত রিয়াজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, সন্ধ্যায় তারা মান্নানের অফিসে বসে ছিলেন। ১৫/২০ জন হেলমেটধারী লোক সেখানে ঢুকে তাদের ওপর হামলা চালায়।

রিয়াজের দাবি, ‘যুবলীগের স্থানীয় সন্ত্রাসী’ কিলার বাদল, কাইল্লা, লাল্লুসহ কয়েকজন এই হামলা চালিয়েছে।

আহত মান্নানের স্ত্রী তমা হাসপাতালে সাংবাদিকদের বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর, তার স্বামী ওই এলাকায় মাইকিং করে বলেছিলেন, এখন থেকে কেউ যেন কাউকে কোনো চাঁদা না দেন। 

“সেই থেকে ওই এলাকার চাঁদাবাজ সন্ত্রাসীরা তার প্রতি ক্ষিপ্ত ছিল। হয়ত এ কারণেই হামলা চালিয়েছে।”

খবর শুনে মোহাম্মদপুর থানার এসআই সেলিম উদ্দিন হাসপাতালে যান। তবে তার কাছে তেমন কোনো তথ্য নেই জানিয়ে তিনি বলেন, “আহতদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।”

এর আগে গত ১৭ সেপ্টেম্বর মোহাম্মদপুরের বেড়ীবাঁধ সংলগ্ন গ্রিন ভিউ হাউজিংয়ের সড়কে শাহাদত হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। 

দুদিন পর একই এলাকায় নাসির বিশ্বাস ও মুন্না নামে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়।