‘দোষত্রুটির’ জন্য জামায়াতকে ‘ক্ষমা চেয়ে’ ভোটে আসতে বললেন বিএনপির ফারুক
“আমি তাদের বলব, দয়া করে আস্তে আস্তে রাজনৈতিক কৌশল পরিবর্তন করেন,” বলেন তিনি।
জামায়াতে ইসলামীকে অতীতের ‘দোষত্রুটির জন্য ক্ষমা চেয়ে’ নির্বাচনে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক।
শুক্রবার দুপুরে এক আলোচনা সভায় তিনি জামায়াতের প্রতি এ আহ্বান জানিয়ে বলেন, “আজকে দেখলাম একটা পত্রিকায় যে, জনগণ যদি না চায় পিআর (সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি) দরকার নাই। আল্লাহ মাবুদ, আজকে পবিত্র জুম্মার দিন, আল্লাহ তাদের হেদায়েত করুন।”
“আমি তাদের (জামায়াতে ইসলামী) বলব, দয়া করে আস্তে আস্তে রাজনৈতিক কৌশল পরিবর্তন করেন। জনগণের কাছে ক্ষমা চান। অতীতের ইতিহাসে দোষত্রুটি থাকলে ক্ষমা চেয়ে আসেন… নির্বাচনে আসেন।”
জাতীয় নির্বাচনের আগে সংস্কার ও বিচারের দাবি তোলা জামায়াতে ইসলামী পিআর পদ্ধতিতে নির্বাচন চায়।
গত ৫ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দেন।
ফারুক বলেন, “(জামায়াত) একদিকে কয় পিআর না হলে নির্বাচনে যাব না, অন্যদিকে গণভোট ছাড়া নির্বাচনে যাব না। আবার তিনশত প্রার্থী ইতোমধ্যে ঘোষণা করে মসজিদে মসজিদে প্রচার শুরু করে দিছে। ঘরে ঘরে শুরু করে দিছে, বেহেস্তে নিয়া যাব যদি দাঁড়ি পাল্লাকে ভোট দাও।
“এটা আমার কথা নয়, জনগণের কথা… আমার এলাকার মানুষের কথা।”
তিনি বলেন, “আমি আমার এলাকার মানুষকে বলেছি, কোনো কিছু করার দরকার নাই। আল্লাহর ওপর ভরসা রাখো। জনগণ জানে, শহীদ জিয়ার দল, বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল যতবারই ক্ষমতায় ছিল, বিশ্বাস ঘাতকতা করেনি।
“ইনশাল্লাহ যদি এই সরকার একটি সুষ্ঠু ভোট উপহার দিতে পারে, বাংলাদেশে আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই জনগণকে হারাতে পারে। কারণ বিএনপিই হচ্ছে বাংলাদেশের জনগণের দল।”
জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জ্বল হোসেন মানিক মিয়া হলে ‘বাংলাদেশ স্বাধীনতা ঘোষক পরিষদ’ এর উদ্যোগে এই আলোচনা সভা হয়।
‘নির্বাচন বানচাল প্রতিহত করা হবে’
বিএনপির নেতা ফারুক বলেন, “ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। এখনো দিল্লিতে বসে আছে… যেই দিল্লি স্বাধীনতার পর হাজার হাজার কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়েছে, সেইদিন প্রতিবাদ করার কারণে আমাদের নেতা আবদুল জলিলকে (মেজর আবদুল জলিল) পর্যন্ত জেলে যেতে হয়েছিল।
“কয় নির্বাচন.. তোমার অধীনে নির্বাচন সুষ্ঠু হয়নি, তোমার (শেখ হাসিনা) বাপের অধীনেও নির্বাচন সুষ্ঠু হয়নি। ছিনতাই করে আনেন নাই বাক্স?”
তিনি বলেন, “আওয়ামী লীগ আবারো দিল্লির প্ররোচণায় বাংলাদেশের কিছু লোক যদি আবার আওয়ামী লীগের সাথে আতাঁত করে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন, জনগণ প্রতিহত করবে।”
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্বাধীনতা ঘোষক পরিষদ এর সভাপতি শেখ শামীম হাসান অনিক।
ইসমাইল হোসেনের সঞ্চালনায় সেখানে বক্তব্য রাখেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, তাঁতী দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির।
